রোনালদো ইউনাইটেডে ফিরবেন, তবে...
অনেক দিন ধরেই বাতাসে গুঞ্জন, পুরোনো ঠিকানায় ফিরবেন ক্রিস্টিয়ানো রোনালদো। গুঞ্জনটা উসকে রেখেছেন পর্তুগিজ উইঙ্গার নিজেই। অবশেষে এ নিয়ে মুখ খুললেন সিআরসেভেন। রোনালদোও জানালেন, ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার ইচ্ছে আছে তাঁর। না, এইটুকু শুনেই ইউনাইটেড-সমর্থকেরা উল্লসিত হবেন না। কারণ ‘বাস্তবতা’ও মনে করিয়ে দিয়ে রোনালদো বলেছেন, নিকট ভবিষ্যতে লাল জার্সি গায়ে চড়ানোর সুযোগ তাঁর নেই। ভবিষ্যতে কোনো একদিন ইংলিশ ফুটবলে আবার ফিরে আসতে চান এই ২৮ বছর বয়সী।সম্প্রতি সিঙ্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোনালদো বলেছেন, ‘আমি সত্যিই ইংলিশ ফুটবলকে খুব মিস করি। ম্যানচেস্টার ইউনাইটেডের দিনগুলো আমার ক্যারিয়ারের অন্যতম সেরা সময়। সবাই জানে এ কথা। আমি ক্লাবটাকে এখনো মন থেকেই ভালোবাসি।’ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, তাহলে কি সাম্প্রতিক গুঞ্জনগুলো সত্য প্রমাণ করে আবার ইংল্যান্ডেই ফেরার পরিকল্পনা করছেন রোনালদো? না। কারণ স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদেও ‘খুব খুশি’ এই পর্তুগিজ স্ট্রাইকার, ‘এই মুহূর্তে স্প্যানিশ লিগে খেলতে পেরে আমি খুবই খুশি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলাটা খুব উপভোগও করছি।’ ২০০৯ সালে ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদে এসেছিলেন রোনালদো। এখানে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০১৫ সাল পর্যন্ত। রিয়াল তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী। নতুন চুক্তির প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে তাতে এখনো সই করেননি রোনালদো।