রোনালদো-ইউনাইটেড'গোপন বৈঠক'!

এক ইরিনা শায়াকই ব্যতিক্রম। না হলে দীর্ঘদিন কারও সঙ্গে প্রেমটা টিকে থাকে না ক্রিস্টিয়ানো রোনালদোর। শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে তাঁর ‘সংসার’টাও টালমাটাল। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের বলা ‘সব ঠিকঠাক আছে, রোনালদো আমাদের সঙ্গে নতুন চুক্তি করছে’ কথাটা মাটিতে পড়ার আগেই রোনালদো টুইট করে বসেছিলেন ‘কিছুই ঠিক নেই’ বলে। রিয়াল সমর্থকদের বুক কাঁপিয়ে দেওয়া নতুন খবরও পাওয়া যাচ্ছে এখন। রোনালদো নাকি তাঁর পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হচ্ছেন। সেখানে দুয়ে দুয়ে চার মিলে গেলেই ইংল্যান্ডে ফিরে যাবেন পর্তুগিজ উইঙ্গার।
এই খবর দিয়েছে স্পেনের ‘এল পাইস’। এ সপ্তাহেই কোনো একদিন দুই পক্ষ সেই গোপন বৈঠকে মিলিত হবে বলে পাকা খবর আছে পত্রিকাটির কাছে। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় কারও সঙ্গে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় সেই ক্লাবের সম্মতি ছাড়া অন্য কারও সঙ্গে বৈঠক করতে পারবে না। এ কারণেই সবকিছু করা হচ্ছে গোপনে। এ কারণেই খবরটি সরাসরি উড়িয়ে না দিলেও স্বীকারও করতে পারছে না রোনালদো বা ইউনাইটেড।
রিয়ালের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ আছে ২০১৫ সাল পর্যন্ত। সেটি আরও কয়েক বছরের জন্য বাড়িয়ে নিতে চায় রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এরই মধ্যে ২০১৮ সাল পর্যন্ত তাদের সোনার ডিম পাড়া হাঁস লিওনেল মেসিকে চুক্তিবদ্ধ করে ফেলেছে। রিয়ালেরও ইচ্ছা তেমনটাই। কিন্তু রিয়ালে ‘অসুখী’ রোনালদো বিশ্বের সবচেয়ে বেতন পাওয়া খেলোয়াড় হয়ে উঠতে এতটাই মরিয়া, ভালো প্রস্তাব পেলে রিয়ালের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেবেন বলেই মোটামুটি নিশ্চিত। ইউনাইটেডও প্রস্তুত তাঁকে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় বানিয়ে দিতে।
কিন্তু নতুন চুক্তিতে সই না করলেও এখনই রোনালদোকে পাওয়া সম্ভব হবে না ইউনাইটেডের। কারণ, রোনালদোকে এই মৌসুমেই নিয়ে আসতে আকাশচুম্বী বাই-আউট ক্লজ (চুক্তিভঙ্গ করে কোনো খেলোয়াড়কে মেয়াদের আগেই কিনতে যে ক্ষতিপূরণ দিতে হয়) দিতে হবে। আপাতত সবচেয়ে ভালো সমাধান তাই ২০১৫ সালের জুন পর্যন্ত অপেক্ষা করা। তখন রোনালদোকে বিনা ট্রান্সফার ফিতেই দলে নিতে পারবে ইউনাইটেড। এই দলটাই ২০০৯ সালে নয় কোটি ৩০ লাখ ইউরোতে রোনালদোকে বেচে দিয়েছিল রিয়ালের কাছে।
এমনও শোনা যাচ্ছে, রিয়ালের সঙ্গে নতুন চুক্তি নিয়ে দর-কষাকষি করতেই নাকি এই চালটা চেলেছেন রোনালদো। রিয়ালের ওপর চাপ তৈরি করে বেতনটা বাড়িয়ে নেওয়া আরকি। এরই মধ্যে রিয়ালের নতুন কোচ কার্লো আনচেলত্তিও সিআরসেভেনকে বার্তা দিয়ে রেখেছেন মাথা থেকে ইউনাইটেডের ভূত নামিয়ে ফেলতে। রিয়ালের কোচ হিসেবে তাঁর নাম আনুষ্ঠানিক ঘোষণার পর ইতালিয়ান এই কোচ বলেছেন, ‘ক্রিস্টিয়ানো গ্রেট একজন খেলোয়াড়। ওর সঙ্গে কাজ করতে পারাটা হবে সম্মানের। আমি জিদানের কোচ ছিলাম। রোনালদো (ব্রাজিল) ও রোনালদিনহোর সঙ্গেও কাজ করেছি। ওকে সে তালিকায় যুক্ত করতে পেরে সম্মানিত বোধ করছি।’