রোনালদো-ইরিনা সবচেয়ে 'আবেদনময়ী' যুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো-ইরিনা জুটি ‘হারিয়ে’ দিয়েছেন অন্য তারকা দম্পতিদের
রোনালদো-ইরিনা জুটি ‘হারিয়ে’ দিয়েছেন অন্য তারকা দম্পতিদের

তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ! ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো বহুবারই বলেছেন ইরিনা শায়েককে বা লিওনেল মেসি আন্তোনেল্লা রোকুজ্জোকে কিংবা ডেভিড বেকহাম ভিক্টোরিয়াকে। ফুটবল তারকাদের ভালোবাসার গোপন কুঠুরিতে আমজনতার প্রবেশের সুযোগ নেই। তবে তারকা দম্পতিকে ভক্ত-সমর্থকেরা কতখানি ভালোবাসেন, সেটি জানা যায় কখনো কখনো। সে রকমই এক জরিপের আয়োজন করেছে ‘ফ্রিবেটনেগোশিয়েটর বা এফবিএন’ নামের প্রতিষ্ঠান।

সম্প্রতি ফুটবলের তারকা দম্পতি-বিষয়ক এক গবেষণা চালিয়েছে এফবিএন। তাদের গবেষণায় একটি প্রশ্ন ছিল— সবচেয়ে আবেদনময়ী যুগল কারা? জরিপে অংশ নেওয়া উত্তরদাতার মধ্যে ১৮ শতাংশ জানিয়েছেন, রোনালদো-ইরিনাই সবচেয়ে আবেদনময়ী! ১৪ শতাংশ জানিয়েছে, বেকহাম-ভিক্টোরিয়া। মেসি-রোকুজ্জোর অবস্থান তিনে, পেয়েছেন ১১ শতাংশ ভোট। চারে জেরার্ড-অ্যালেক্স, পাঁচে পিকে-শাকিরা।

ব্রিটেনভিত্তিক জরিপ হয়েছে বলেই হয়তো সেরা ১০ জুটির তালিকার ছয়টিই ব্রিটেনের। ছয়ে আছেন ল্যাম্পার্ড-ব্লিকলে জুটি। আটে, ওয়েইন ব্রিজ-ফ্রাঙ্কি স্ট্যানফোর্ড, নয়ে গ্যারেথ বেল-রাইস-জোন্স, দশে পিটার ক্রাউচ ও অ্যাবি ক্লেন্সি জুটি। এর মধ্যে কেবল সাত নম্বর জায়গাটি দখল করেছেন ইকার ক্যাসিয়াস ও সারা কারবোনেরো জুটি। ২০১০ বিশ্বকাপে বেশ আলোচিত ছিল স্পেন অধিনায়ক ও সুন্দরী সাংবাদিকের প্রেম, শিরোপা জয়ের পর দুজনের প্রকাশ্য চুম্বন।   

কেন রোনালদো দম্পতিকে বেছে নিলেন? এমন প্রশ্নে জরিপে অংশগ্রহণকারীদের উত্তর ছিল—রোনালদো-ইরিনার দৈহিক গড়ন সবচেয়ে আকর্ষণীয়! ৫১ শতাংশ উত্তরদাতা গুরুত্ব দিয়েছেন শারীরিক সৌন্দর্য, ৪২ শতাংশ মুখের সৌন্দর্য আর ২১ শতাংশের কাছে গুরুত্ব পেয়েছে তারকাদের সম্পত্তি। সূত্র: মিরর।