
বাকি সবাই কেমন আছেন, তাঁদের চোটের অবস্থা কী—এসব নিয়ে যেন কারও কোনো ভাবনা নেই। পর্তুগাল কেমন খেলবে, যুক্তরাষ্ট্রের কৌশলই-বা কেমন হবে—এসব প্রশ্নও কেউ করছে না।
মানাউসের ম্যাচটার আগে প্রশ্ন একটাই, তিনি কেমন আছেন? খেলতে পারবেন তো?
এই তিনিটা ক্রিস্টিয়ানো রোনালদো।
খুব সাম্প্রতিক কালে সম্ভবত আর কোনো খেলোয়াড়ের চোট নিয়ে বিশ্বকাপে এত জল্পনাকল্পনা হয়নি, যতটা হচ্ছে এবার রোনালদোকে নিয়ে। পর্তুগালের অনুশীলন থেকে একেক সময় একেকটা খবর আসছে। কোথাও বলা হচ্ছে, তিনি দিব্যি অনুশীলন করছেন, জোরে শট তো নিচ্ছেনই, রীতিমতো লম্ফঝম্ফই করছেন। আবার কেউ বলছেন, সব গুঞ্জন। হাঁটুতে বরফপট্টিও বেঁধে বসে থাকতে হচ্ছে রোনালদোকে।
সংবাদমাধ্যমের অনিঃশেষ কৌতূহল মেটাতে পরশু ক্যাম্পিনাসের অনুশীলন শেষে দলের পক্ষ থেকে সামনে ঠেলে দেওয়া হয়েছিল মিডফিল্ডার মিগুয়েল ভেলোসোকে। এমনিতেই নিষেধাজ্ঞা পেয়ে পেপে নেই। চোট শেষ করে দিয়েছে ফ্যাবিও কোয়েন্ত্রাওয়ের বিশ্বকাপ। শঙ্কা হুগো আলমেইদাকে নিয়েও। এ অবস্থায় রোনালদোকে নিয়ে কোনো দুঃসংবাদ শুধু সমর্থকদের নয়, দলের মনোবলও গুঁড়িয়ে দিতে পারে। ভেলোসো তাই যেন নিজেই নিজেদের সান্ত্বনা দিলেন, ‘আমি তো চিকিত্সক নই। চোখে যা দেখছি, কেবল সেটাই আপনাদের বলতে পারি। ক্রিস্টিয়ানো (রোনালদো) ভালো আছে। অনুশীলনে রীতিমতো দৌড়াচ্ছে, লম্বা লম্বা শট নিচ্ছে। আর বেশি কিছু বলার নেই।’
সেই ভালোটা কতটুকু, আদৌ আজ মাঠে নামার মতো ফিট কি না তা পরিষ্কার করে ভেলোসোও বলেননি, জানা যায়নি পর্তুগাল দলের অন্য কারও কাছ থেকে। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, স্পেনে তাঁর নিয়মিত চিকিৎসক নাকি এমআরআই রিপোর্ট দেখে বলেছেন, কমপক্ষে দুই মাসের বিশ্রামে না গেলে সিআর-সেভেনের ক্যারিয়ারই হুমকিতে পড়ে যেতে পারে। একই সঙ্গে তারা নিজেদের সূত্রে আরও জানিয়েছে, রোনালদো নাকি নাছোড়বান্দা, যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ ইনজেকশন নিয়ে হলেও খেলতে চান। তাতে যদি ক্যারিয়ার হুমকির মুখে পড়ে পড়ুক। দর্শক হয়ে বিশ্বকাপ দেখতে চান না। সারকথা, জেদ চেপে গেছে তাঁর। প্রথম ম্যাচে জার্মানির কাছে লজ্জাজনক ওই হার আর তাঁর নিজের পারফরম্যান্সের সমালোচনা শুনে শুনে রাগে ফুঁসছেন পর্তুগিজ যুবরাজ। তিনি যেন এখন আহত ক্ষুধার্ত বাঘ, শিকারের নেশায় উন্মত্ত।
আর রোনালদোর মতো একজন যখন এমন হন্যে হয়ে ওঠেন, প্রতিপক্ষের জন্য সেটি কতটা ভয়ংকর, তা ভালোই বুঝতে পারছেন যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান। রাখঢাক না করে তিনিও স্বীকার করলেন, ‘মানাউসে পর্তুগাল তেতে থাকবে। আর আমি জানি না তেতে থাকা রোনালদো আমাদের নিয়ে কী করবে। তবে আমাদেরও দেখাতে হবে যে আমরা ভালো দল।’
প্রথম ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে শুরু করা যুক্তরাষ্ট্র আজ জিতলেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে। এমনকি ড্র করলেও সেই সম্ভাবনা থাকবে। অন্যদিকে আজ হারলে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে পর্তুগিজদের। ড্র করলে জেগে থাকবে ক্ষীণ একটা সম্ভাবনা৷ জার্মানির কাছে ৪-০ গোলের হারটা গোলগড়ে অনেক নাজুক জায়গায় ঠেলে দিয়েছে পর্তুগালকে।
জয় ছাড়া কার্যত তাই কোনো বিকল্প নেই রোনালদোদের সামনে!
চোখ রাখুন
মুখোমুখি পর্তুগাল–যুক্তরাষ্ট্র
নানি
পর্তুগালের জার্সি গায়ে তঁাকে সব সময় রোনালদোর আড়ালেই থেকে যেতে হয়েছে। তবে আজ রোনালদোর খেলা নিয়ে শঙ্কা থাকায় দায়িত্বটা বেড়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গারের।
ক্লিন্ট ডেম্পসি
বয়স তাঁর ধার কমাতে পারেনি, ঘানার বিপক্ষে প্রথম মিনিটেই গোল করে সেই প্রমাণ দিয়েছেন। বাছাইপর্বে ৭ গোল পাওয়া সাবেক ফুলহাম মিডফিল্ডার গোল করা আর করাতে সমান দক্ষ।