রোনালদো এখনো
বয়স চলছে ৩৫। সেই ক্ষুরধার গতি, চোখের পলকে মোচড় দিয়ে বাঁক নেওয়া, জাল ছিঁড়ে ফেলা আগুনে শট আর নেই। শরীরে জমছে সময়ের মেদ। তার পরও আজ ব্রাজিল লিগে সেই রোনালদোই হয়ে উঠতে পারেন ম্যাচের ভাগ্যনিয়ন্তা।ব্রাজিলিয়ান লিগের শেষের শুরু হয়ে গেছে। ৩৫তম ম্যাচ খেলতে মাঠে নামছে দলগুলো। বাকি থাকবে আর তিনটি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে আগুনে উত্তেজনা। ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্লুমিনেন্স। করিন্থিয়ানস আর ক্রুজেরো দুই দলেরই পয়েন্ট ৬০! রয়টার্স।কাল বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় মুখোমুখি হয়েছিল রোনালদোর বর্তমান দল করিন্থিয়ানস আর সাবেক দল ক্রুজেরো। এই ক্রুজেরোয় ১৯৯৩ সালে পেশাদার ফুটবলে অভিষেক। রোনালদো নিশ্চয়ই এসব ভাবাবেগে আক্রান্ত হননি। কারণ করিন্থিয়ানস-ক্রুজেরো ম্যাচটিকে বলা হচ্ছিল এবারের শিরোপা-নির্ধারক।এই মৌসুমে চ্যাম্পিয়নশিপে মাত্র পাঁচ গোল করেছেন। তার পরও রোনালদো যে একাই বড় ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন, এ নিয়ে সন্দেহ ছিল না কারোরই। ক্রুজেরো কোচ কুকার কণ্ঠে ছিল সতর্কতা, ‘রোনালদো অন্যমাত্রার খেলোয়াড়। তার উপস্থিতিই খেলাটা পাল্টে দেয়।’কুকা ভুলও বলেননি। করিন্থিয়ানসের গত পাঁচ ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন রোনালদো। এর প্রতিটা থেকেই পয়েন্ট কুড়িয়েছে দল, তিনটি জয়, দুটো ড্র।