রোনালদো এবং হলুদ লাইটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেনাল্টি থেকে প্রথম গোলটি করে সতীর্থ গ্যারেথ বেলের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো। উদ্যাপনের মতো পরশু মাঠের খেলাতেও দুরন্ত ছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড । রয়টার্স
পেনাল্টি থেকে প্রথম গোলটি করে সতীর্থ গ্যারেথ বেলের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো। উদ্যাপনের মতো পরশু মাঠের খেলাতেও দুরন্ত ছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড । রয়টার্স

ম্যাচ শেষে হলুদ রঙের সেই লাইটারটার কী হয়েছে তা আর জানা যায়নি। হয়তো সবার অলক্ষ্যে পড়েছিল ভিসেন্তে ক্যালদেরনের এক কোণে, কিংবা কোনো পরিছন্নতাকর্মী ফেলে দিয়েছে আস্তাকুঁড়ে। আর যদি কেউ বুদ্ধি করে সংগ্রহ করে ভবিষ্যতে নিলামে তোলেন তাহলে মোটা অঙ্ক পাবেন নিশ্চিত। যে সে লাইটার তো আর নয়, ক্রিস্টিয়ানো রোনালদোকে ব্যথায় কুঁকড়ে দেওয়ার স্মৃতি জড়িয়ে গেছে এর সঙ্গে।
ঘটনা পরশুর। অ্যাটলেটিকোর সঙ্গে কোপা ডেল রের প্রথমার্ধ শেষ করে মাঠ ছেড়ে যাচ্ছিলেন রোনালদো। রিয়াল ওই সময় এগিয়ে ২-০ গোলে। পেনাল্টি থেকে গোল দুটি করা ছাড়াও অ্যাটলেটিকোকে বেশ নাচিয়ে ছেড়েছেন রোনালদো। সেই আক্রোশেই কি না মাঠ ছাড়ার সময় তাঁর দিকে লাইটার ছুড়ে মারলেন এক অ্যাটলেটিকো সমর্থক। বেশি একটা আঘাত পাননি রিয়ালের পর্তুগিজ উইঙ্গার। হঠাৎ চোটে পড়ে গিয়েছিলেন মাঠে, পরে ঠিকই উঠে দাঁড়িয়েছেন। কোনো রাগ না দেখিয়েই মাঠ ছেড়েছেন এবং ৭৫ মিনিটে বদলি হয়ে যাওয়ার আগে খেলেছেন দ্বিতীয়ার্ধের শুরু থেকেই। তবে ফুটবল মাঠে দর্শকদের এমন আচরণ যে শৃঙ্খলাবিরোধী সেটা পরে স্পষ্ট করেই বলেছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ এবং সমর্থকদের এমন আচরণের খেসারতও হয়তো হবে অ্যাটলেটিকোকে। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে হেরে কোপা ডেল রের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া বর্তমান চ্যাম্পিয়নদের জন্য তাই রাতটা ভালো কাটেনি মোটেও।
গত মাসে ফিফা-ব্যালন ডি’অর জেতা অনুষ্ঠানে আবেগে কেঁদে ফেলা রোনালদোর ভেতরের অন্য মানুষটাকে দেখেছিল বিশ্ব। রাগী-অহংকারী ভাবমূর্তির বাইরে যে আসলেও তাঁর আরেকটা রূপ আছে সেটা আরও একবার দেখা গেল পরশু। এমন ঘটনার পরও তিনি নিজে এ নিয়ে কোথাও অভিযোগ করেননি। যদিও বাকিরা যে তাঁকে নিয়ে বেশ উদ্বিগ্ন সেটা বোঝা গেল ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য নিশ্চিত করেছেন রোনালদোর সুস্থতা, ‘ও খুব ভালো আছে। আজ দুটি গোল করেছে এবং ওর কোনো সমস্যা নেই।’
রোনালদোকে নিয়ে এত কাণ্ডের ভিড়ে কিছুটা আড়ালে চলে গেছেন গ্যারেথ বেল। কিন্তু পরশু দারুণ খেলেছেন তিনিও। রিয়ালের দ্বিতীয় পেনাল্টিটা তাঁরই পাওয়া। ২-০ গোলের জয় নিশ্চিত করেছে, রিয়ালের হয়ে প্রথম মৌসুমেই কোপা ডেল রের ফাইনাল খেলছেন বেল। তাঁর আগে পূর্বসূরি ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহামের সৌভাগ্য হয়েছিল প্রথম মৌসুমেই ২০০৪ সালে কোপা ডেল রের ফাইনাল খেলার। সেই ফাইনালে বেকহামদের রিয়াল মাদ্রিদে অবশ্য ৩-২ গোলে হেরে গিয়েছিল রিয়াল জারাগোজার কাছে।
এবার গ্যারেথ বেলের প্রত্যাশাটা নিশ্চয়ই অন্য রকম। এএফপি, টেন অ্যাকশন।