রোনালদো, এবার কী করবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা দুই ইউরো জেতার হাতছানি রোনালদোর সামনে।
ছবি: রয়টার্স

কথাটা ক্রিস্টিয়ানো রোনালদোর ইনস্টাগ্রাম পোস্ট থেকে ধার করে নেওয়া, ‘রোনালদো রেকর্ডের পেছনে ছোটেন না, রেকর্ড তাঁর পেছনে ছোটে।’

সে কারণেই বুঝি রেকর্ডের রোনালদোকে অনেক পছন্দ! যাকে পেতে সাধনার দরকার পড়ে, তার প্রতি যে আকর্ষণটাও বেশি থাকে। অমোঘ সে আকর্ষণের টানে এবারের ইউরোতেও যে রোনালদোর জন্য রেকর্ডের পাতা কী কী লিখে রেখেছে, কে জানে!

রোনালদোকে আর দশজন ফুটবলারের সঙ্গে মেলানোর চেষ্টা শুধু অর্থহীনই নয়, রীতিমতো অপরাধের পর্যায়ে পড়ে। ৩৬ বছরের ‘যুবক’ রোনালদোর তাই ২০২৪ ইউরোতেও খেলার সম্ভাবনার কথা ফুৎকারে উড়িয়ে দেওয়া যায় না। তবে সে এক কষ্টকল্পনাও বটে! বড়জোর ২০২২ বিশ্বকাপ পর্যন্ত রোনালদোকে মেরুন জার্সিতে মাঠ মাতিয়ে যেতে দেখার কল্পনা করতে পারে পর্তুগাল। সে হিসেবে ইউরো ২০২০-ই হতে পারে ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে রোনালদোর ‘লাস্ট ড্যান্স’।

অনন্য কীর্তি গড়তে উন্মুখ রোনালদো।
ছবি: রয়টার্স

মঞ্চটাকে শূন্যতায় ভাসিয়ে যাওয়ার আগে শেষবারে ইউরোকে কী দিয়ে যাবেন রোনালদো?

ইউরো থেকে তাঁর পাওয়ার খতিয়ানে বড় শূন্যতা তেমন নেই। কী না করেছেন! শিরোপাটা জেতার বড় দরকার ছিল, জিতেছেন। ২০১৬ ইউরোতে জয়ের পথে দলের ৯ গোলের ৩টি করেছেন, করিয়েছেন আরও ৩টি। পর্তুগালের ইতিহাসের প্রথম বড় শিরোপার গল্পের পুরোটা জুড়েই রোনালদোর। গোলে-উচ্ছ্বাসে যেমন, ফাইনালের প্রথমার্ধে চোট নিয়ে মাঠ ছেড়ে যাওয়ার কান্নায়ও। কিংবা ফ্রান্সের বিপক্ষে অতিরিক্ত সময়ে ১-০ গোলে জেতা সেই ফাইনালের শেষ দিকে ডাগআউট থেকে সতীর্থদের প্রেরণা দিয়ে যাওয়ার ছবিগুলোয়ও তো রোনালদোরই সদর্প উপস্থিতি।

সময়ের ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রশ্নে যাঁর সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা ফুটবলকে রোমাঞ্চে ভরিয়ে রেখেছে এত বছর, সেই লিওনেল মেসিরও তো এমন মহাদেশীয় শ্রেষ্ঠত্ব কপালে হয়নি। রোনালদো সেখানেও পূর্ণ।

শিরোপার সঙ্গে রেকর্ড বইয়ে জায়গা পাওয়া না পাওয়ার তুলনা চলে না। তবু যদি আসে রেকর্ডের কথা, সেখানে পুষ্পমাল্য নিয়ে রোনালদোর অপেক্ষায় রেকর্ড বই। ইউরোর পথে ঘর থেকে বেরোলেই সবচেয়ে বেশি ইউরোতে খেলার রেকর্ড তাঁর হয়ে যাবে, ইউরোতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও দাঁড়িয়ে তিন রাস্তার মোড়ে। বলটা একবার জালে জড়াতে পারলে হবে ইউরোর মূল টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। আর করতে করতে সাতটা গোল করে ফেললে?

সে একটু কষ্টসাধ্য ব্যাপার বটে! আগের চার ইউরোর কোনোটিতে তিনটির বেশি গোল করতে পারেননি রোনালদো। তবে দিন শেষে নামটা রোনালদো তো! সাত গোল করে আলি দাইয়িকে পেরিয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা ইউরোতেই করে ফেলা রোনালদোর জন্য একেবারে অসম্ভব কিছু নয়। সে পথে একটা হ্যাটট্রিকও হয়ে গেলে ইউরোর মূল মঞ্চে ম্যাচে তিন গোল করতে না পারার সে আক্ষেপও চুকেবুকে যায়!

পর্তুগালও হয়তো প্রার্থনায়, রোনালদোর রেকর্ডগুলো হয়ে যাক। রোনালদো হাসলেই যে পর্তুগাল খুশি। ইউরোতে এবার পর্তুগাল যে মৃত্যুকূপের সামনে দাঁড়িয়ে, জার্মানি-ফ্রান্স-হাঙ্গেরির সে গ্রুপ অব ডেথ থেকে বেরোতে রোনালদোর গোলের বান বড্ড প্রয়োজন পর্তুগালের।

বয়স হয়ে গেছে তাঁর, এখন আর মন্ত্রমুগ্ধ করা দৌড়ে প্রতিপক্ষকে আচম্বিতে ফেলে যাওয়ার দৃশ্য অত বেশি চোখে পড়ে না। কিন্তু বয়স যদি গতিতে শীর্ণতার শীতল ছোঁয়া দিয়ে যায়, পাল্লার অন্য প্রান্তে রোনালদো শান দিয়ে রেখেছেন বক্সে প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে নেওয়ার ক্ষমতায়। বাস্কেটবল খেলোয়াড়ের ভঙ্গিতে উচ্চলম্ফের দক্ষতা বাড়িয়েছে তাঁর হেডে গোল করার সম্ভাবনা। রোনালদো নামটা তাই গোলের রেকর্ডের প্রতিশব্দ আর পর্তুগালের উন্মাদনা।

এত কিছুর মধ্যে রোনালদো হয়তো শুধু একটা রেকর্ডের প্রার্থনায়। বর্তমান চ্যাম্পিয়ন হয়ে পর্তুগাল যাচ্ছে এবারের ইউরো, টুর্নামেন্ট শেষেও উপমাটা ছুটে না গেলেই হয়। টানা দুই ইউরোজয়ী অধিনায়ক হিসেবে রিয়াল মাদ্রিদে সাবেক সতীর্থ ও স্প্যানিশ কিংবদন্তি ইকার ক্যাসিয়াসের পাশে বসে যাবে তাঁর নাম। চ্যাম্পিয়নস লিগে তাঁর দাপটের কারণে রোনালদোকে তো ‘মিস্টার চ্যাম্পিয়নস লিগ’ বলাই হয়, ক্লাব ছাপিয়ে জাতীয় দলেও ইউরোপ শ্রেষ্ঠত্বে রোনালদোর তখন হবে একচ্ছত্র আধিপত্য।

বাকি থাকবে শুধু বিশ্ব মঞ্চ।