রোনালদো খেলবেন, খেলবেন না!

জার্মানি যে তাদের লজ্জার পরাজয় উপহার দিয়েছে তা-ই নয়। ওই ম্যাচ অভিশাপ হয়েও নেমেছে পর্তুগিজদের ওপর। লাল কার্ড দেখে পেপে নিষিদ্ধ। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছেন হুগো আলমেইদা। চোট বিশ্বকাপ থেকেই কেড়ে নিয়েছে ফ্যাবিও কোয়েন্ত্রাওকে। ঊরুর চোটে ভুগছেন গোলরক্ষক রুই প্যাত্রিসিও। কিন্তু বাকি সবাইকে নিয়ে শঙ্কাটা পর্তুগালকে এত নাড়া দিতে পারেনি যতটা নাড়িয়ে দিয়েছে এক ক্রিস্টিয়ানো রোনালদোর চোটের খবর। জঘন্য হার দিয়ে বিশ্বকাপ শুরু করা পর্তুগিজ অধিনায়কের শেষটা সম্ভবত হতে চলেছে দুঃস্বপ্নের মতো। পুরোনো হাঁটুর চোট ভীষণ ভোগাচ্ছে। এই চোটই তাঁকে আগামী পরশু যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত করে দিয়েছে। এই বিশ্বকাপেই আর খেলতে পারবেন কি না, এ নিয়েই চলছে গুঞ্জন।
হাঁটু ও ঊরুর চোটে ভুগছিলেন বেশ কিছুদিন ধরেই। বিশ্বকাপ শুরুর আগে নিজেকে পুরো ফিট দাবি করলেও বাস্তবতা ছিল অন্য রকম। দলের অনুশীলনে পুরো সময় ঘাম ঝরাতে পারেননি। মাত্র একটা প্রস্তুতি ম্যাচ খেলেছেন। জার্মানির বিপক্ষে প্রথম ম্যাচেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। পর্তুগালও জার্মানির কাছে বিধ্বস্ত হয়েছে ৪-০ গোলে।
পরশু অনুশীলনেও হাঁটুর তীব্র ব্যথায় ভুগেছেন। দীর্ঘ সময় ধরে চিকিত্সকদের শুশ্রূষা নিতে হয়েছে। হাঁটুতে বরফের ব্যাগ বেঁধেও রেখেছিলেন। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, শেষ পর্যন্ত অনুশীলন শেষ হওয়ার আগেই নাকি মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন রোনালদো। চিকিৎসকেরা বলছেন, ব্যথানাশক ওষুধ খেয়ে আহত হাঁটুটাকে চাপে ফেলে জোর করে খেললে ভবিষ্যতের জন্য সেটা বড় ক্ষতি হয়ে যেতে পারে।
বিশ্বকাপে টিকে থাকতে হলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের বিকল্প নেই পর্তুগালের সামনে। ওই ম্যাচে রোনালদোর খেলা, না-খেলা তাই ব্যবধান গড়ে দিতে পারে দুই দলের। শেষ পর্যন্ত যদি ফিফা বর্ষসেরা ফুটবলার না খেলতে পারেন, পর্তুগালের জন্য সেটা হবে এক বিশাল ধাক্কা। আগে থেকেই সেই ধাক্কার আঁচ লাগতে দিতে চান না বলেই কি না রোনালদোকে ঘিরে থাকা এই শঙ্কাটা উড়িয়ে দিতে চাইলেন অতিরিক্ত গোলরক্ষক বেতো, ‘ও অনুশীলন শেষ হওয়ার আগেই চলে যায়নি, বাকি সবার সঙ্গে গেছে। ও খেলার জন্য শতভাগ ফিট। যখন ও শুরু থেকে খেলে বুঝতে হবে শতভাগ ফিট হয়েই খেলছে।’ তবে কোনোরকম ঝুঁকি নিয়ে রোনালদোকে খেলানো হবে না এটাও নিশ্চিত করলেন বেতো, ‘ও খেলতে ভালোবাসে, কিন্তু সুস্থ থাকাটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
পর্তুগালের সঙ্গে ম্যাচেই চোট পেয়েছিলেন জার্মান ডিফেন্ডার ম্যাটস হামেলস। অনিশ্চয়তা আছে ফোর্তালেজায় কাল ঘানার বিপক্ষে তাঁকে খেলানো নিয়েও। পরশু অনুশীলনের পর জার্মান সহকারী কোচ হানসি ফ্লিক বলেছেন, ‘আমরা আশাবাদী। যদিও সে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো ফিট হতে পারবে কি না অনিশ্চিত।’ এএফপি, রয়টার্স।