রোনালদো চান গোল জয় বিনোদন
ক্রিসমাস টেস্টের সামনে রিয়াল মাদ্রিদ। ৪৮ বছরের এই জীবনে হোসে মরিনহো অনেক পরীক্ষাই দিয়েছেন। কিন্তু এই ক্রিসমাস টেস্টটা আবার কী বস্তু? আন্তর্জাতিক সূচির জন্য সাময়িক বিরতি শেষে আবারও শুরু হচ্ছে ক্লাব ফুটবল। কদিন পর আবারও পড়বে মোটামুটি লম্বা বিরতি। আগামী মাসের শেষেই তো ক্রিসমাস। বড়দিনের সঙ্গে মিলিয়ে ১৫ দিনের শীতকালীন ছুটি কাটাবেন খেলোয়াড়েরা। কিন্তু এরই মাঝে বড় একটা পরীক্ষা দিতে হবে রিয়াল মাদ্রিদকে।বড়দিনের আগে স্প্যানিশ লিগে যে পাঁচটি ম্যাচ আছে, এর চারটিতেই বড় প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে মরিনহোর দলকে। ভ্যালেন্সিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া তো আছেই; ১০ ডিসেম্বর আছে এই লিগের প্রথম এল ক্লাসিকো, যেখানে রিয়ালের প্রতিপক্ষ বার্সেলোনা!চার পর্বের এই পরীক্ষার প্রথমটি আজই। ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে খেলতে হবে রিয়ালকে। আগের ম্যাচেই অবশ্য বার্সেলোনা নিজেদের মাঠে খেলবে রিয়াল জারাগোজার সঙ্গে।পয়েন্ট তালিকায় যথারীতি এক-দুইয়ে রিয়াল-বার্সা। মাঝখানে চমক দেখানো লেভান্তে আছে চারে। তিনে ভ্যালেন্সিয়া। বোঝাই যাচ্ছে, কাজটা সহজ হবে না রিয়ালের জন্য। অবশ্য রিয়াল বলতেই পারে, ‘কিসের পরীক্ষা। গতবারই তো লিগে ওদের মাঠে গিয়ে ভ্যালেন্সিয়াকে আমরা দিয়ে এসেছি ৬ গোল।’ রিয়ালের মুখে এ কথা এবার মানাচ্ছেও। সব ধরনের খেলা মিলে টানা ১০ ম্যাচ জিতে আছে মরিনহোর দল।এ সময়টায় ক্রিস্টিয়ানো রোনালদোও আছেন দারুণ ফর্মে। ক্লাব ও জাতীয় দল মিলে গত তিন ম্যাচে ৭ গোল করেছেন। টানা গোল করে যাওয়া অবশ্য রোনালদোর জন্য কোনো ব্যাপার নয়। রিয়ালের জার্সি গায়ে ১০৬ ম্যাচে ১০৩ গোলও সেই কথাই বলে। কিন্তু নিন্দুকদের কথা এখানেই, এখন পর্যন্ত তো লিগ শিরোপার দেখা পেলেন না। তাহলে কী লাভ গোল করে!রোনালদো উত্তর দিচ্ছেন, ‘আমি নিশ্চিত, এবার আমরা কিছু জিতবই। তিনটা শিরোপাই (লিগ, কাপ, চ্যাম্পিয়নস লিগ) জেতার জন্য আমরা লড়াই করব।’ তবে শুধু শিরোপা জেতাই নয়, রোনালদো দর্শকদেরও বিনোদিত করতে চান, ‘আমরা এখন আগের চেয়ে অনেক ভালো, অনেক পরিণত। আমরা দর্শকদের বিনোদন দিই। মাঠে এসে হোক কিংবা ঘরে বসে, যে যেখানেই দেখুক, আমাদের খেলা তাদের ভালো লাগবেই। এটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’রোনালদোর এই মন্তব্য হয়তো মরিনহোর নিন্দুকদের জন্য একটা বার্তা, যাঁরা বলেন, মরিনহো যেকোনো উপায়ে শিরোপা জিততে চান, সে সুন্দর ফুটবলকে জলাঞ্জলি দিয়ে হলেও। রিয়াল তাহলে এবার দুটোই চায়—শিরোপা আর সুন্দর ফুটবল! এএফপি।