রোনালদো ছিলেন, রোনালদো আছেন
নামটা বেশ বড় তাঁর—রোনালদো লুইস নাজারিও দে লিমা। তবে এত্ত বড় নামটা বলার দরকার নেই। রোনালদো বললেই সবার চোখের সামনে ভেসে ওঠে মুণ্ডিতমস্তক ব্রাজিলিয়ান স্ট্রাইকারের মুখ। আদর করে সবাই তাঁকে ডাকে ‘দ্য ফেনোমেনোন’ নামে।ফেনোমেনোন, যে শব্দটির আভিধানিক অর্থ প্রপঞ্চ। আরও সহজ করে বলতে গেলে মায়া ব ভ্রম ধরনের কিছু একটা হয়। আসলে ফেনোমেনোনকে বাংলায় বোঝানোই মুশকিল। ঠিক যেন রোনালদোর মতোই। তাঁকেও তো বোঝা একটু কঠিনই।মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, স্বপ্ন দেখবে বলে দু চোখ বুজে আর রোনালদো কত সহজেই বলে দিতে পারেন স্বপ্ন না দেখার কথা। সবাই যখন ব্যস্ত রোনালদো কার্লোস দুঙ্গার বিশ্বকাপ দলে থাকবেন কি না সেই হিসাব মেলাতে, দ্য ফেনোমেনোন বিশ্বকাপের মাস ছয়েক আগে ঘোষণা করে দিলেন—দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলার স্বপ্ন তিনি দেখেন না।রোনালদোও স্বপ্ন দেখেননি, ব্রাজিল কোচ দুঙ্গাও তাঁকে দলে রাখেননি। তবে না থেকেও বিশ্বকাপে ছিলেন রোনালদো। শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত। রোনালদোকে আসলে বিশ্বকাপে রেখেছেন মিরোস্লাভ ক্লোসা। গত দুই বিশ্বকাপ থেকে ১০টি গোল নিয়ে ২০১০ বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন জার্মানির এই স্ট্রাইকার। জার্মানিকে শিরোপা জেতানো লক্ষ্য ছিল, সঙ্গে হাতছানি ছিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক হওয়ার।এই বিশ্বকাপে ৬টি গোল করলেই ১৫ গোল করা রোনালদোকে টপকে যেতে পারতেন ক্লোসা। হয়ে যেতেন অনন্য রেকর্ডের অধিকারী। জার্মান কিংবদন্তি জার্ড মুলারকে ছাড়িয়ে যে রেকর্ডটি গত বিশ্বকাপে নিজের করে নিয়েছেন রোনালদো। ১৯৯৮ বিশ্বকাপে মাঠ মাতিয়েও মাত্র ৪ গোলই করেছিলেন, পরের বিশ্বকাপে ৮ গোল করে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করেছেন দ্য ফেনোমেনোন। আর গত বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লেও ৩ গোল করে মুলারের (১৪) রেকর্ডটা নিজের করে নিয়েছেন রোনালদো।জার্মানি সেমিফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ার পরও ক্লোসার সম্ভাবনা ছিল রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার। তিনি জার্ড মুলারকে ছুঁয়ে ফেলার পর এ নিয়ে ফুটবল-বিশ্বে আলোচনাও হলো খুব। উরুগুয়ের বিপক্ষে জার্মানির তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে ক্লোসার কাছে জিজ্ঞাসা করা হলো, রেকর্ড নিয়ে কী ভাবছেন? তিনি জবাব দিলেন—রেকর্ড-টেকর্ড নয়, জার্মানির ম্যাচ নিয়ে ভাবছি। শেষে দুষ্টুমির ছলে বললেন, ‘আর রেকর্ডটা যদি হয়েই যায়, তাহলে রোনালদো নিশ্চয়ই কিছু মনে করবেন না।’রোনালদো এ নিয়ে আগে কিছুই বলেননি। বললেন কাল। তাঁর কথায় মনে হলো রেকর্ডটা যদি ক্লোসা করেই ফেলতেন, তাতে তিনি সত্যিই মন খারাপ করতেন না। ‘ক্লোসা যে ১৪ গোল করেছে এ জন্য তাকে অভিনন্দন। আমি তো তাকে বিশ্ব রেকর্ড গড়তে না করিনি! আমি আমার ইতিহাস তৈরি করেছি। এখন অন্যদের তাদের গল্প লেখার সময়।’ রোনালদো হয়তো মনে কিছু করতেন না, তবে রেকর্ডটা নিজের করে নিতে না পারায় মন খারাপ হতেই পারে ক্লোসার। একটা আক্ষেপও হয়তো আছে—লাল কার্ডের কারণে এক ম্যাচ বাইরে ছিলেন, আর পরশু চোটের কারণে বসে ছিলেন সাইড বেঞ্চে। এটা না হলে রেকর্ডটা হয়তো তাঁর হয়েই যেত!আগে যদিও বলেছেন রেকর্ড নিয়ে ভাবেন না, তবে এত কাছে গিয়েও রেকর্ডটা না পাওয়ায় নাকি মন খারাপ হয়েছে ক্লোসার। কোচ জোয়াকিম লো বলেছেন, ‘সে খেলতে চেয়েছিল। কিন্তু পরে আবার আমাকে বলেছে যে আমি হাঁটতেও পারছি না। ওর অনুভূতির কথাটা একবার ভেবে দেখুন। রেকর্ডটা ও চেয়েছিল, ও খুব করে খেলতে চেয়েছিল। শেষ পর্যন্ত পারেনি। ওর তো ভেঙে পড়ারই কথা।’হয়তো এটা ফুটবল-দেবতারই খেয়াল! এমন ‘রোমাঞ্চকর’ একটি রেকর্ড ‘দ্য ফেনোমেনোনের’ নামের পাশেই দেখতে চেয়েছেন তিনি। এই রেকর্ডটা যে এমন একজনকেই মানায়!