রোনালদো জাদুতে রিয়াল মাদ্রিদের গোল উৎসব
মাত্র কয়েক দিন আগেই সমালোচনায় জর্জরিত হচ্ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল করতে যেন ভুলেই গিয়েছিলেন রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ স্ট্রাইকার। এবার এক ম্যাচেই সব সমালোচকের মুখ বন্ধ করে দিয়েছেন তিনি। স্প্যানিশ লিগে রেসিং সান্তান্দারের বিপক্ষে একাই করেছেন চার গোল। ম্যাচটি রিয়াল জিতেছে ৬-১ গোলে।প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় রিয়ালের গোল উৎসবের সূচনাটা এনে দিয়েছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুইয়েন। এর পরই শুরু হয় রোনালদো তাণ্ডব। প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্নভিন্ন করে প্রথমার্ধে ১৫ ও ২৭ মিনিটে এবং দ্বিতীয়ার্ধের ৪৭ ও ৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদকে চারটি গোল উপহার দেন তিনি। শেষ গোলটি অবশ্য করেছেন পেনাল্টি থেকে। ৬৩ মিনিটে রেসিং সান্তান্দারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। ৭৩ মিনিটে সান্তান্দারের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেছেন মার্কাস রোজেনবার্গ।রোনালদো জাদুতে ভ্যালেন্সিয়া, বার্সেলোনাকে ছাড়িয়ে ২০ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে চলে এসেছে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানেও সবার থেকে অনেক এগিয়ে গতবারের রানার্সআপরা। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।গোলখরায় ভুগতে থাকা রোনালদোই এখন নয় গোল করে স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতা। এর মধ্যে আটটিই করেছেন শেষ তিন ম্যাচে। তবে এ সাফল্যে এখনই আনন্দে ভাসতে চান না তিনি। গতকাল ম্যাচ শেষে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘চার গোল করতে পারাটা একটা বিশাল অর্জন। কিন্তু এখনই আমাদের খুব বেশি উল্লসিত হওয়া উচিত হবে নয়। কারণ, এ মৌসুমে সামনে আরও অনেক পথ বাকি।’—রয়টার্স