রোনালদো জিতলেন জেতালেন
প্রথমে মনে হলো, অ্যাম্বুশ মার্কেটিং নয় তো? ম্যাচ শেষে জার্সি খুলে ক্যামেরার সামনে এসে টান টান করে ধরলেন জার্সির নিচের অন্তর্বাস। লালের মাঝে নাইকির সাদা লোগোটাই আগে চোখে পড়ে। কিন্তু ক্যামেরা আরেকটু কাছে আসতেই স্পষ্ট হলো উদ্দেশ্য। কালো অক্ষরে পর্তুগিজ ভাষায় লেখা, ‘জুনিয়র, ড্যাড লাভস ইউ।’ লেখার মাঝে আঁকা এক শিশুর হাসিমুখ!রোববার ছিল ক্রিস্টিয়ানো জুনিয়রের জন্মদিন। আবার বাবা দিবসও। বাবা দিবস বোঝার মতো বয়স এখনো হয়নি জুনিয়রের, মাত্রই দুই বছর হলো। তবে ছেলের জন্মদিনে বাবা দিলেন দারুণ উপহার—দুটি গোল আর অপ্রতিরোধ্য পারফরম্যান্স! অধিনায়ক, দলের সেরা তারকা—সব ছাপিয়ে বাবা পরিচয়টাই যেন মুহূর্তে বড় হয়ে উঠল ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে, ‘আমি খুব, খুব খুশি, কারণ আজ আমার ছেলের জন্মদিন। গোল দুটি আমি উৎসর্গ করছি ছেলেকে।’বাবা রোনালদোর উৎসর্গ-উপহার না হয় ছেলের জন্য। কিন্তু অধিনায়ক রোনালদোর কাছ থেকে এটা দারুণ এক উপহার কিন্তু পর্তুগিজদের জন্যও! আর সমালোচকদের জন্য মোক্ষম জবাব। রিয়াল মাদ্রিদের রোনালদোকে পর্তুগালের জার্সিতে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে কত সমালোচনাই না শুনতে হচ্ছিল। সুযোগটা করে দিয়েছিলেন নিজেই। জার্মানির বিপক্ষে প্রথম ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি মাঠে। পরের ম্যাচে ডেনমার্কের বিপক্ষে খুঁজে পাওয়া গেল বটে, তবে আলোচনার পালে জোর হাওয়া দিতে। সহজ সব সুযোগ হাতছাড়া করে ব্যর্থতার প্রতিচ্ছবি! ডেনিশ সমর্থকেরা বিদ্রূপ করলেন মেসির নাম ধরে। সংবাদমাধ্যমের খোঁচাখুঁচিতে চটেও গেলেন একপর্যায়ে, ‘গোল যেমন করতে পারি, মিসও তো করতে পারি!’কিন্তু মুখ দিয়ে কি আর এসব থামানো যায়! রোনালদো এটা জানতেন বলেই সব থামিয়ে দিলেন পারফরম্যান্স দিয়ে। জ্বলে উঠলেন দলের সবচেয়ে প্রয়োজনের মুহূর্তেই। দুরন্ত গতি, দুর্দান্ত সব পাস, নিখুঁত ফিনিশিং, বাঁ প্রান্ত দিয়ে প্রতিপক্ষের ডিফেন্সকে ছিঁড়েখুঁড়ে খাওয়া—সেরা ফর্মের রোনালদো তাঁর সৌন্দর্য আর সামর্থ্যের সবটুকু মেলে ধরলেন যেন মেটালিস্ট স্টেডিয়ামে। ম্যাচের মাঝবিরতিতে চুলের স্টাইল পাল্টেছেন। প্রথমার্ধের ‘মিনি-মোহিকান’ থেকে দ্বিতীয়ার্ধে ‘সোয়েপট-ব্যাক।’ তবে পারফরম্যান্স দুই অর্ধেই ছিল ধারালো। সমালোচকেরাই এখন বলছেন, এবারের ইউরোতে এখন পর্যন্ত সব মিলিয়ে সেরা ব্যক্তিগত পারফরম্যান্স এটাই। কেউ কেউ আরেক ধাপ এগিয়ে, পর্তুগালের জার্সিতে রোনালদোর সেরা পারফরম্যান্স!দেশের জার্সিতে সমালোচকদের জবাব দিয়েছেন অনন্য এক কীর্তি গড়ে। পাঁচটি বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ-ইউরো) গোল করা প্রথম পর্তুগিজ ফুটবলার রোনালদো! ২০০৪ ইউরোতে বদলি নেমে গ্রিসের বিপক্ষে করেছিলেন গোল। সেবার সেমিফাইনালে এই হল্যান্ডের বিপক্ষেই গোল করেছিলেন আরেকটি, দুর্দান্ত পারফরম্যান্সে দলকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। এরপর গোল করেছেন ২০০৬ বিশ্বকাপ, ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপেও। এবার বড় টুর্নামেন্টে প্রথম এক ম্যাচে করলেন ২ গোল।জয়ের পর উদ্যাপনটা প্রকাশ করছিল তাঁর তৃপ্তি। কিন্তু প্রতিক্রিয়ায় থাকল শুধুই দল, ‘পুরো দল অসাধারণ খেলেছি। শেষ আটে খেলা আমাদের প্রাপ্য ছিল, কারণ আমরা বিশ্বাস হারাইনি। আমাদের প্রথম লক্ষ্য ছিল কঠিন এই গ্রুপ থেকে কোয়ার্টারে ওঠা। সেটা পেরেছি, এখন সবকিছুই সম্ভব!’রোনালদো এমন খেললে, সবই সম্ভব! এএফপি, রয়টার্স।