রোনালদো: দ্য ফেনোমেনোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো।ফাইল ছবি
রোনালদো।ফাইল ছবি

লুইস নাজারিও ডি লিমা নামে পরিবারের বাইরে তাকে কেউ চেনে কি না, কে জানে। এমনকি যে নামে তাকে সবাই চেনে, সেই রোনালদো নামেও আছে সমস্যা, ব্যাখ্যা প্রয়োজন হয়, তিনি ব্রাজিলের রোনালদো, না পর্তুগালের রোনালদো! তবে ‘দ্য ফেনোমেনোন’ বলতে এই মর্ত্যে একজনকেই বোঝানো হয়। ম্যাচের পুরো ৯০ মিনিট অলস-ভঙ্গিতে প্রতিপক্ষের ডি-বক্সের আশপাশে হেঁটে বেড়ালেও ওই জায়গায় বল পায়ে তাঁর চেয়ে বিপজ্জনক খেলোয়াড় আর কেউ ছিল নাকি? অদ্ভুত, আনন্দদায়ী ঢংয়ে প্রতিপক্ষের রক্ষণ সেনাদের চারদিকে ছিটকে ফেলে গোলের ঠিকানায় বল পাঠিয়ে দিতে তাঁর জুড়ি মেলা ভার। বিশ্বকাপের আসরে এখনো পর্যন্ত ১৫টি গোল করে তিনি নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। যে উচ্চতা তাঁকে ফুটবল ইতিহাসেই এনে দিয়েছে অমরত্ব। রোনালদো পর্তুগালের না ব্রাজিলের—এ নিয়ে দ্বিধা দেখা দিলে বিশ্বকাপে আলোচ্য রোনালদোর রেকর্ড সামনে নিয়ে এলেই দূর হয়ে যায় সব দ্বিধা, সব সংশয়।

রোনালদোকে বলা হয় সবচেয়ে পরিপূর্ণ স্ট্রাইকার। বিপক্ষ দলের ডি বক্সের আশপাশে শিকারির মতো ওঁত্ পেতে থেকে বল পাওয়া মাত্রই তা গোলে পরিণত করার অসাধারণ ক্ষমতাই তাঁকে সমসাময়িক অন্য খেলোয়াড়দের চেয়ে আলাদা করে ফেলেছে। মাত্র ২০ বছর বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জিতেছেন ফিফা বর্ষসেরার খেতাব। জিদান এবং মেসির সঙ্গে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে তিন বা তার অধিকবার জিতেছেন ফিফা বর্ষসেরা খেলোয়াড়। বিরল ফুটবলার হিসেবে খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনায়। খেলেছেন ইন্টার মিলান ও এসি মিলানেও।

মাত্র ১৭ বছর বয়সে ১৯৯৪ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় রোনালদোর। ১৯৯৪-এর বিশ্বকাপে দলের সঙ্গে গিয়েছিলেনও যুক্তরাষ্ট্রে। কোনো ম্যাচ না খেলেই সেবার বাড়ি ফিরেছিলেন তরুণ রোনালদো।

তবে ১৯৯৮-এর ফ্রান্স বিশ্বকাপেই রোনালদো গিয়েছিলেন একজন পরিপূর্ণ ফুটবলার হিসেবে। ৪ গোল করেছিলেন, করিয়েছিলেন ৩টি। ব্রাজিলের মোট ১৪ গোলের ৫০ শতাংশেই ছিল রোনালদোর অবদান। কিন্তু ফাইনালে ফ্রান্সের বিপক্ষে বিশ্ববাসী দেখেছিল এক ‘অন্য’ রোনালদোকে। রোনালদোর নিষ্প্রভ উপস্থিতি সেদিন ব্রাজিলকে বঞ্চিত করে টানা দ্বিতীয় বিশ্বকাপ-গৌরব থেকে। অনেকেই বলেন, ফাইনালের ঠিক আগমুহূর্তে অজ্ঞাত এক রোগে আক্রান্ত রোনালদো সেদিন ছিলেন আনফিট। কিন্তু তাঁরই প্রবল আগ্রহে কোচ মারিও জাগালো সেদিন তাঁকে অন্তর্ভুক্ত করেছিলেন প্রথম একাদশে। তাঁর মতো খেলোয়াড়ের সেই একদিনের ব্যর্থতাও ঠাঁই পেয়েছে ফুটবল ইতিহাসের অমরত্বের অধ্যায়ে।

২০০২ বিশ্বকাপে আর কোনো ছাড় দেননি রোনালদো। পুরো আসরে কেবল ইংল্যান্ড ছাড়া ব্রাজিলের প্রতিটি ম্যাচেই গোল করেছিলেন। সেমিফাইনালে তুরস্কের বিপক্ষে তাঁর একমাত্র গোলেই ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। ফাইনালেও রোনালদোর জোড়া গোলেই ব্রাজিল জিতে নেয় বিশ্বকাপে তাদের পঞ্চম শিরোপা। পুরো আসরে তাঁর আটটি গোল তাঁকে এনে দেয় গোল্ডেন বুটের সম্মান। দুই বিশ্বকাপে মোট ১২ গোল নিয়ে পেলের সঙ্গে যৌথভাবে হয়ে যান ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা।

জার্মানিতে পরের বিশ্বকাপেও খেলেছেন রোনালদো। প্রথম দুই ম্যাচে ব্রাজিল জয় পেলেও কোনো গোল পাননি ‘মোস্ট কমপ্লিট’ এই স্ট্রাইকার। তাঁর কমে যাওয়া গতি আর বেড়ে যাওয়া স্বাস্থ্য নিয়ে তত দিনে শুরু হয়ে গেছে ফিসফাস। তবে নানা গুঞ্জন-সমালোচনার মধ্যেও কোচ কার্লোস আলবার্তো পেরেইরা ঠিকই আস্থা রেখেছেন রোনালদোর ওপর। এই আস্থার প্রতিদান দিতেই যেন তৃতীয় ম্যাচে জাপানের বিপক্ষে করেন দুই গোল। জার্ড মুলারের সঙ্গে যৌথভাবে হয়ে যান বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। তিন বিশ্বকাপে গোল করা মাত্র ২০ ফুটবলারের ছোট্ট অথচ এলিট এক ক্লাবের সদস্যও বনে যান তিনি। দ্বিতীয় রাউন্ডে ঘানার বিপক্ষে ম্যাচে গোলটি তাঁকে নিয়ে যায় সেই অনন্য উচ্চতায়। জার্ড মুলারকে ছাড়িয়ে তিনি হয়ে যান বিশ্বকাপ ইতিহাসেরই সর্বোচ্চ গোলদাতা।
তিনি আসলেই ‘দ্য ফেনোমেনোন’...