রোনালদো না থাকলে ভালো বেল!
ক্রিস্টিয়ানো রোনালদো সঙ্গে থাকলে গ্যারেথ বেল ভালো খেলেন, নাকি রোনালদো না থাকলে? আন্দ্রেস ভিলাস-বোয়াসের বিশ্বাস, রোনালদো না থাকলেই ভালো খেলেন বেল।
গত মৌসুমে টটেনহামে ভিলাস-বোয়াসের অধীনে খেলেছেন বেল। পর্তুগিজ কোচ বেলের সামর্থ্যটা ভালোই জানেন। কিন্তু গত গ্রীষ্মে বেল পাড়ি জমিয়েছেন রিয়ালে। কদিন আগে ভিলাস-বোয়াসকেও বরখাস্ত করেছে টটেনহাম। ইংলিশ ক্লাব থেকে বরখাস্ত হওয়ার পর এই প্রথম কোনো সাক্ষাৎকার দিলেন সাবেক চেলসি কোচ। পর্তুগিজ ক্রীড়া দৈনিক ও জোগোকে দেওয়া সাক্ষাৎকারে ভিলাস-বোয়াস প্রশংসায় ভাসিয়েছেন বেলকে।
বেল রিয়ালের হয়ে খেলেছেন ১৫ ম্যাচ। এর মধ্যে দু-একটা ম্যাচে রোনালদো ছিলেন না। চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচটিতে যেমন চোটের কারণে খেলতে পারেননি রোনালদো। ৪-১ গোলে জেতা ওই ম্যাচে দলের প্রথম গোলটি করেন বেল। সেটা দেখেই হয়তো ভিলাস-বোয়াসের বিশ্বাস, ‘বেল রোনালদো ছাড়া ভালো খেলে। রোনালদো না থাকলে সে রিয়াল মাদ্রিদে আরও বড় ভূমিকা নিয়ে খেলে। দলে যখন তাদের মতো দুজন মানসম্পন্ন খেলোয়াড় থাকে, দলের সুযোগগুলো তারা ভাগাভাগি করে।’
ভিলাস-বোয়াস সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন, ‘টটেনহামে তার একটা দর্শন ছিল, যা তাকে নেতার ভূমিকায় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় বানিয়েছিল। সে বিশ্বমানের খেলোয়াড়।’ ওয়েবসাইট।