রোনালদো-নাদাল মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোকার টেবিলে নাদাল-রোনালদো দ্বৈরথ। বোঝাই যাচ্ছে, দারুণ উপভোগ করছিলেন দুজন। ছবিটা গত বছরের, প্রাগে l মেইল অনলাইন
পোকার টেবিলে নাদাল-রোনালদো দ্বৈরথ। বোঝাই যাচ্ছে, দারুণ উপভোগ করছিলেন দুজন। ছবিটা গত বছরের, প্রাগে l মেইল অনলাইন

বল নিয়ে অবিশ্বাস্য সব কাণ্ড করেছেন, একসময় গোল করেছেন মুড়িমুড়কির মতো। কিন্তু এবার রোনালদোর এসব জাদু আর খাটবে না। র্যা কেট হাতে যতই স্বচ্ছন্দ হোন, রাফায়েল নাদালেরও এখানে কিছুটা অস্বস্তিই হওয়ার কথা। এটা তো আর টেনিস কোর্ট নয়! রোনালদো-নাদাল এমন এক কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, যেটা দুজনের জন্যই অচেনা। এখানে দক্ষতা তো লাগবেই, তার চেয়ে কিছুটা বেশি লাগবে বরাতের জোর। পোকার টেবিলে দুই ‘দৈত্যে’র লড়াইটা তাই জম্পেশই হওয়ার কথা।
দুজন অবশ্য আগেও মুখোমুখি হয়েছিলেন। গত বছর প্রাগে একটা দাতব্য উদ্যোগে পোকার টেবিলে বসেছিলেন দুজন। উঠেছিল ৭৯ হাজার পাউন্ড। তবে এবারেরটা পেশাদারই। সেবার রোনালদো হেরেছিলেন, এবার ব্রাজিল কিংবদন্তি নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নাদালকে। পোকারস্টারস ডটকমের আয়োজনে ৬ নভেম্বর লন্ডনেই জানা যাবে রোনালদো হরতন-রুইতনের খেলায় বদলা নিতে পারবেন কি না।
রোনালদো অবশ্য দাবি করছেন, এই এক বছরে বেশ অগ্রগতি হয়েছে তাঁর খেলায়, ‘গত বছর রাফা জিতেছিল। বেশ মজা হয়েছিল। এবার ব্যাপারটা অন্য রকম হবে। পোকার খেলার কৌশলটা ভালোই শিখে ফেলেছি। আমি প্রস্তুত।’ নাদালও কিন্তু আত্মবিশ্বাসী, ‘রোনালদোর সঙ্গেই প্রথম সরাসরি কোনো পোকার টুর্নামেন্টে খেলেছি। এখন আমি নিজের দক্ষতা নিয়ে আরও আত্মবিশ্বাসী।’ ও ভালো কথা, প্রাগে শুধু রোনালদোকেই হারাননি, টুর্নামেন্টও জিতেছিলেন নাদাল। ফেবারিট তো তাই নাদালই! মেইল অনলাইন।