রোনালদো বনাম ক্যাসিয়াস
স্প্যানিশ সমর্থকেরা ভালোবেসে তাঁকে ডাকে ‘সেইন্ট ইকার’ নামে। সেই ‘সন্ত ইকার’ মানে ইকার ক্যাসিয়াস আজ অনন্য এক রেকর্ডের সামনে। আজ জিতলেই ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে শততম জয়ের রেকর্ড গড়বেন। কিন্তু ক্যাসিয়াস ভালো করেই জানেন, আজ এই রেকর্ডের সামনে আছে পাহাড়-বাধা। সেই বাধা টপকাতে না পারলে শততম জয়ের অপেক্ষা তো বাড়বেই, হাতছাড়া হবে ইউরোপ-সেরার মুকুটও। সেই বাধার নাম ক্রিস্টিয়ানো রোনালদো।এমনিতে দুজন খুব ভালো বন্ধু। রিয়াল মাদ্রিদে কাঁধ মিলিয়ে গত মৌসুমে লড়াই করেছেন, ইতি টেনেছেন বার্সেলোনা-আধিপত্যের। কিন্তু আজকের সমীকরণ একেবারেই আলাদা। আজ দুজন ‘শত্রু’ না হন, বন্ধু নন অবশ্যই। ইউরোর শেষ চারের প্রথম লড়াইয়ের সবচেয়ে বড় খণ্ডযুদ্ধ এই দুজনের মধ্যেই। প্রায় একার জাদুতে পর্তুগালকে এ পর্যন্ত টেনে এনেছেন রোনালদো। ক্যাসিয়াস ভালো করেই জানেন, রোনালদো একাই পারেন পর্তুগালকে ফাইনালেও তুলে দিতে। আজকের লড়াইটা তাই শুধু ক্যাসিয়াস বনাম রোনালদোই নয়, স্পেন বনাম রোনালদোও!ক্যাসিয়াস অবশ্য এরই মধ্যে হালকা একটু খোঁচাও দিয়ে রেখেছেন। তাঁর দাবি, গত মৌসুমে রিয়ালের হয়ে যে অবিশ্বাস্য ফর্মে ছিলেন রোনালদো, এবারের ইউরোতে সেই একই রোনালদোর দেখা পাওয়া যায়নি, ‘যেভাবে ও খেলেছে, যত গোল করেছে, যত রেকর্ড গড়েছে, সেই বিবেচনায় মাদ্রিদে ওর গত মৌসুমটা ছিল অবিশ্বাস্য। আমি মনে করি না, এই মুহূর্তে ও নিজের সেরা ফর্মে আছে।’ তবে এ-ও স্বীকার করেছেন, ডি বক্সে নিজের দুর্গে সব সময় সতর্ক থাকতে হবে। কারণ, যেকোনো মুহূর্তে যেকোনো কিছু করে ফেলতে পারেন রোনালদো। বিশেষ করে, বল নিয়ে অবিশ্বাস্য কিছু করে দেখানোর ক্ষমতা তাঁর আছে। ক্যাসিয়াস বলেছেন, ‘বল মাঝেমধ্যে অদ্ভুত আচরণ করে।’ গত বিশ্বকাপের ‘জাবুলানি’র মতো হয়তো নয়। তবে যেকোনো বলকেই জাবুলানি বানিয়ে ফেলতে পারেন রোনালদো। ‘আমাদের তাই সব সময় সতর্ক থাকতে হবে।’ বলেছেন ক্যাসিয়াস।রোনালদোর আরেক রিয়াল-সতীর্থ জাবি আলোনসো অবশ্য দাবি করছেন, পর্তুগিজ উইঙ্গারকে ঠেকাতে বিশেষ কোনো ছক তাঁরা কষেননি, ‘না, আমরা বিশেষ কোনো পরিকল্পনা করিনি। তার মানে আমি বলছি না যে আমরা এখানে ওর খেলা বিশ্লেষণ করে দেখিনি।’ রোনালদোকে আটকানোর কৌশলটাও বাতলে দিয়েছেন আলোনসো, ‘ওকে আটকানোর গোপন রহস্যটা বাকি সব খেলোয়াড়ের মতোই: সব সময় ওর ছায়া হয়ে থাকতে হবে।’সেই ছায়া হয়ে থাকার দায়িত্ব পেতে পারেন জেরার্ড পিকে। দুজন একসময় ম্যানচেস্টার ইউনাইটেডের সতীর্থ ছিলেন। দুজনই ভালো ইংরেজি বলতে পারতেন না বলে বাকিদের সঙ্গে ভাষাগত ব্যবধান দুজনকে কাছে এনে দিয়েছিল। পিকেই জানিয়েছেন এই তথ্য। সঙ্গে জানিয়েছেন রোনালদোর সঙ্গে তাঁর ভালো সম্পর্কের কথাও। নিজে বার্সেলোনা, আর রোনালদো রিয়ালের বলে মাঠের প্রতিপক্ষ হিসেবেও তাঁকে ভালোই চেনেন। সেই চেনাটা কেমন? পিকে মনে হচ্ছে বাতাসে রোনালদোর সক্ষমতা নিয়েই বেশি চিন্তিত, ‘শূন্যে সে তার শক্তির অসাধারণ প্রয়োগ ঘটায়। ও লড়াই করে সিংহের মতো।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।যাঁকে নিয়ে এত কথা, সেই রোনালদো নিজে কী বলছেন? ইউরোতে এখন পর্যন্ত তিন গোল করা রোনালদোর দাবি, ‘স্পেনের বিপক্ষে খেলছি বলে এই ম্যাচে বিশেষ কোনো চাপ নেই। ক্লাব আর জাতীয় দলের হয়ে ১০ বছর ধরে শীর্ষ পর্যায়ে খেলছি। হ্যাঁ, একটা দায়িত্ববোধ আছে, কিন্তু চাপ নয়। আমি এ ধরনের ম্যাচ খেলে অভ্যস্ত।’