রোনালদো-বেল জুটিতে সমস্যা দেখেন না আনচেলত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো-বেল
রোনালদো-বেল

দুজনেই রিয়াল মাদ্রিদে এসেছেন ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়ে। দুজনেই ফুটবল বিশ্বের নজর কেড়েছেন লেফট উইঙ্গার হিসেবে। ক্রিস্টিয়ানো রোনালদো আর গ্যারেথ বেলের মধ্যে মিল অনেকই পাওয়া যাবে। কিন্তু দামি এই দুই ফুটবলার একসঙ্গে খেলবেন কীভাবে? দুজনেই যে এত দিন খেলে এসেছেন একই পজিশনে। রিয়াল কোচ আনচেলত্তি অবশ্য দুজনকে একসঙ্গে খেলানোর জন্য বিশেষ পরিকল্পনাই করছেন। দুজনে একসঙ্গে খেলতে পারবেন বলেও বিশ্বাস করেন এই ইতালিয়ান কোচ।
২০০৬ সালে বেলের পেশাদারি ফুটবল ক্যারিয়ারটা শুরু হয়েছিল লেফট ব্যাক হিসেবে। সাউদাম্পটনের জার্সি গায়ে। কিন্তু ২০০৭ সালে টটেনহামে আসার পর থেকে খেলেছেন লেফট উইঙ্গার হিসেবে। রিয়ালে যে জায়গাটা আছে রোনালদোর দখলে। রিয়াল নিশ্চয়ই ডাগআউটে বসিয়ে রাখতে চাইবে না এক হাজার কোটি টাকার বেলকে। কিন্তু কীভাবে খেলানো হবে দুজনকে একসঙ্গে?
কোচ আনচেলত্তি নতুনভাবেই সাজাতে চাইছেন রিয়ালের রণকৌশল। কারও কারও অনুমান, রোনালদোকে হয়তো খেলানো হতে পারে সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে। তবে তেমন সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন আনচেলত্তি, ‘রোনালদোকে সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে ব্যবহার করা হবে না। আমরা এমন একটা ব্যবস্থা করতে যাচ্ছি যেন দুজনেই নিজেদের সেরাটা দিতে পারে।’
বেলকেই হয়তো মানিয়ে নিতে হতে পারে নতুন কোনো পজিশনে। আনচেলত্তি তেমন ইঙ্গিতই দিয়েছেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে বেল মানিয়ে নিতে পারবে। সে দারুণ খেলোয়াড় আর সে তরুণ। রিয়াল মাদ্রিদে খেলার সুযোগের চেয়ে বেশি কিছু আর সে চায় না। আর আমি নিশ্চিত সে এখানে ভালো করবে।’