রোনালদো-মেসি ও ক্রুইফ
প্রশংসা অনেকের কাছ থেকেই পাচ্ছেন। তবে এই প্রশংসাটা একটু অন্য রকম লাগতে পারে খোদ ক্রিস্টিয়ানো রোনালদোর কাছেই। প্রশংসাকারী তো শুধু একজন কিংবদন্তিই নন, রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ‘আইকন’ ইয়োহান ক্রুইফ! রোনালদোর লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ডকে ক্রুইফ বলছেন অসাধারণ অর্জন। তবে এটাও জুড়ে দিয়েছেন, দলীয় অর্জনে মেসিই এগিয়ে।শেষ ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে দুই গোল করে এবার লিগে গোলসংখ্যা ৪০-এ নিয়ে গেছেন রোনালদো, ছাড়িয়ে গেছেন হুগো সানচেজ ও টেলমো জারাকে। এল পেরিওডিকো ডি কাতালুনিয়া পত্রিকায় সাপ্তাহিক কলামে ক্রুইফ লিখেছেন, ‘এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা লিগে এতগুলো গোল করা অভাবনীয় এক অর্জন। আমার কোনো সন্দেহই নেই যে রোনালদো ও মাদ্রিদের সবাই এই অর্জনে দারুণ গর্ব বোধ করবে। শুধু লা লিগায় নয়, আগামী মৌসুমগুলোতেও ইউরোপিয়ান গোল্ডেন শুর লড়াইয়ের মাপকাঠিটা উঁচু তারে বেঁধে দিয়েছে সে।’ সময়ের ধারা মেনে ডাচ কিংবদন্তি এরপর রোনালদোর পারফরম্যান্সের তুলনা টেনেছেন মেসির সঙ্গে, ‘আমাদের মনে রাখা উচিত, ফুটবল একটা দলীয় খেলা। আগামী মৌসুমে যদি রোনালদো এবারের চেয়েও ভালো করে কিন্তু মাদ্রিদ আবার দ্বিতীয় হয়, আমার ধারণা, কেউ খুব একটা খুশি হবে না। মেসিও অনেক গোল করেছে, যদিও রোনালদোর মতো এত নয়। কিন্তু সে সব বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের ডাবল অর্জনের পথে আছে।’ক্রুইফের বক্তব্য রোনালদোও অস্বীকার করতে পারছেন না। তাঁর কাছে ব্যক্তিগত অর্জন অনেকটাই পানসে হয়ে গেছে দলের ব্যর্থতায়, ‘আমাকে যদি জিজ্ঞেস করা করা হয় এই মৌসুম নিয়ে সন্তুষ্ট কি না, আমি বলব ‘‘না।’’ কারণ মাদ্রিদের লক্ষ্য সব সময়ই থাকে সব টুর্নামেন্ট জেতা, কিন্তু আমরা কেবল একটিই জিততে পেরেছি। তবে পরের মৌসুমে আমরা সবাই মিলে মাদ্রিদকে আরও বেশি শিরোপা এনে দেব।’ ওয়েবসাইট।