রোনালদো যখন দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন বছর আগে রিয়ালের সর্বশেষ কোপা ডেল রে শিরোপা জয়ের নায়ক ছিলেন তিনি। চোট রোনালদোকে দর্শক বানিয়ে রাখল পরশু, এবার নায়ক ডি মারিয়া-বেলরা। ম্যাচের পর দুই সতীর্থকে উষ্ণ অভিনন্দন দর্শক রোনালদোর  । এএফপি
তিন বছর আগে রিয়ালের সর্বশেষ কোপা ডেল রে শিরোপা জয়ের নায়ক ছিলেন তিনি। চোট রোনালদোকে দর্শক বানিয়ে রাখল পরশু, এবার নায়ক ডি মারিয়া-বেলরা। ম্যাচের পর দুই সতীর্থকে উষ্ণ অভিনন্দন দর্শক রোনালদোর । এএফপি

সাদা শার্টের ওপর কালো স্যুট-টাই। মাথায় কালো ক্যাপ। ক্রিস্টিয়ানো রোনালদো বসে আছেন রিয়াল মাদ্রিদের গ্যালারিতে। ডি মারিয়ার গোলের পর হাততালি দিচ্ছেন, পাশে বসে থাকা ক্লাব কর্মকর্তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। গ্যারেথ বেলের গোলটার পর এমনভাবে লাফিয়ে উঠলেন যেন নিজেই গোল করেছেন! শেষ বাঁশির পর ছুটে গেলেন মাঠে। কখনো সতীর্থদের জড়িয়ে ধরছেন, কখনো আলোকচিত্রীদের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন হাসিমুখে। এক ফাঁকে গিয়ে মেসির সঙ্গেও হাত মেলালেন। টেলিভিশনের ক্যামেরায় দূর থেকে দেখে মনে হলো বুঝি সান্ত্বনাও দিলেন নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে। তারপর ট্রফি নিয়ে সতীর্থদের সঙ্গে ফটোসেশন। আগেরবার রিয়াল মাদ্রিদকে এ ট্রফি জেতানোর নায়ক ছিলেন তিনি। অথচ পরশু রাতে দলের জয় দেখতে হলো গ্যালারিতে বসে। উৎসবের ডামাডোলের মধ্যেও কি কিছুটা আক্ষেপে পুড়ছেন না রিয়ালের পর্তুগিজ উইঙ্গার?
হয়তো। শুধু এই ম্যাচ তো নয়, পায়ের চোটের কারণে রিয়ালের সর্বশেষ চারটি ম্যাচই যে দেখলেন দর্শকের চোখে। ক্লাবের হয়ে সর্বশেষ খেলেছিলেন এ মাসের শুরুতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। আগামী বুধবার বায়ার্নের সঙ্গে সেমিফাইনালের আগে কি পুরো ফিট হতে পারবেন তিনি? রিয়াল-সমর্থকদের মনের মধ্যে থাকা এ প্রশ্নই তাঁকে করেছিল কোপা ডেল রের ফাইনালের পর স্প্যানিশ একটি টেলিভিশন। নিশ্চয়তা না দিতে পারলেও রোনালদো আশার কথাই শুনিয়েছেন, ‘আমি এখন আগের চেয়ে অনেক ভালো। আর ব্যথা নেই। দেখা যাক বুধবারের ম্যাচেই খেলি, নাকি ফিরতি লেগ পর্যন্ত অপেক্ষা করতে হয়। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব ফিরে দলকে সাহায্য করতে।’
২৮ গোল নিয়ে লা লিগায় এবং ১৪ গোল নিয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। তাঁকে ছাড়াই রিয়াল কোপা ডেল রের শিরোপা জিতলেও কার্লো আনচেলত্তি জানেন, লিগের বাকি ম্যাচগুলোতে এবং চ্যাম্পিয়নস লিগে রোনালদোকে দরকার হবে। সমর্থকদের মতো তাই রিয়াল কোচও রোনালদোর মাঠে ফেরার অপেক্ষায়, ‘ওর অবস্থা আগের চেয়ে ভালো। তবে তাড়াহুড়া করতে গিয়ে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না।’ ওয়েবসাইট।