রোনালদো যেখানে সবার আগে
প্রথাগত স্ট্রাইকার ছিলেন না কখনোই। ক্যারিয়ার শুরু করেছিলেন উইঙ্গার হিসেবে। কিন্তু তাতে কী, গোল করার বেলায় ক্রিস্টিয়ানো রোনালদোর অরুচি তো নেই-ই বরং গোলক্ষুধাটা যেন দিন দিন বাড়ছে। রিয়াল মাদ্রিদে নতুন একটা রেকর্ডই করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। টানা তিন মৌসুমে ত্রিশের বেশি গোল করেছেন একমাত্র রোনালদোই! রিয়ালে এসে প্রথম মৌসুমেই (২০১০-১১) গোল করেছিলেন ৪০টি। বন্যা বইয়ে পরের মৌসুমে (২০১১-১২) গোল করলেন ৪৬টি। চলতি মৌসুমে একটু যেন অধারাবাহিক ছিলেন গোড়ার দিকে। কিন্তু লিগের শেষ দিকে এসে স্বরূপে ফিরে গোল করে ফেললেন ৩১টি। ম্যাচ বাকি আরও ৭টি। কে বলতে পারে, সংখ্যাটা ৪০ ছাড়াবে না?টানা তিন মৌসুম দূরে থাক, রিয়ালের হয়ে লিগে আর মাত্র একজনই দুবার ত্রিশের বেশি গোল করেছেন। মেক্সিকান স্ট্রাইকার হুগো সানচেজ ১৯৮৬-৮৭ ও ১৯৮৯-৯০ মৌসুমে গোল করেছিলেন ৩৪ ও ৩৫টি। আর ১৯৫৬-৫৭ সালে আরেক রিয়াল গ্রেট আলফ্রেডো ডি স্টেফানো করেছিলেন ৩১ গোল। অবশ্য তখন লা লিগায় দলও ছিল কম।রিয়ালের হয়ে লা লিগায় ১৪৩ গোল করে ফেলেছেন। আরেকটা জায়গায় স্প্যানিশ লিগেই সবাইকে ছাড়িয়ে গেছেন রোনালদো। এবারসহ গত দুই মৌসুমে ‘মাথা খাটিয়ে’ তাঁর চেয়ে বেশি গোল আর কেউ করতে পারেননি! দুই মৌসুমে এ পর্যন্ত হেডে গোল করেছেন ১১টি, ১০ গোল নিয়ে নিঃশ্বাস-দূরত্বে অ্যাথলেটিক বিলবাওয়ের ফার্নান্দো লরেন্তে। রাদামেল ফ্যালকাও ও আলভারো নেগ্রেদো হেড থেকে গোল করেছেন ৯টি করে। ওয়েবসাইট।