রোনালদো-রুনিতে আলোকিত রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা, এ মৌসুমের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক। এ হাসি শুধু ক্রিস্টিয়ানো রোনালদোকেই মানায়। পরশু রাতে ইস্তাম্বুলে  রয়টার্স
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা, এ মৌসুমের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক। এ হাসি শুধু ক্রিস্টিয়ানো রোনালদোকেই মানায়। পরশু রাতে ইস্তাম্বুলে রয়টার্স

একটা মিল অবশ্য আছে দুজনের মধ্যে। একসময় সতীর্থ ছিলেন। কিন্তু আরও বড় স্বপ্ন নিয়ে বছর চারেক আগে ক্রিস্টিয়ানো রোনালদো পাড়ি জমিয়েছেন রিয়াল মাদ্রিদে। গত কিছুদিন ক্লাব ছাড়ার চেষ্টা করেও অসফল রুনি অবশেষে থিতু হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডেই।
আলাদা ক্লাব, পরশু রাতে প্রতিপক্ষও ছিল আলাদা। কিন্তু রুনি ও রোনালদো জ্বলে উঠলেন প্রায় একইভাবে। দুই মহাতারকার আলোয় আলোকিত হলো এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাতটা। ক্যারিয়ারের ২৩তম আর রিয়াল মাদ্রিদের হয়ে ২১ নম্বর হ্যাটট্রিক দিয়ে রোনালদো উড়িয়ে দিলেন প্রতিপক্ষ গ্যালাতাসারাইকে। ইউনাইটেডের হয়ে রুনির ২০০তম গোলে কপাল পুড়ল বায়ার লেভারকুসেনের।
প্রথম গোলে ঠিক নিজের জাত চেনাতে পারেননি রোনালদো। আঙ্গেল ডি মারিয়ার ক্রস গিয়েছিল ইসকোর পায়ে। গ্যালাতাসারাই ডিফেন্ডাররা ঘিরে ধরায় তিনি আলগোছে বল দিলেন গোলবারের সামনে দাঁড়ানো রোনালদোকে। কোনো কারিকুরি নেই, শুধুই একটা গোল।
গ্যারেথ বেলের ফ্রি-কিকের পর সার্জিও রামোসের হেড। গ্যালাতাসারাই গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা প্রথমে ফিরিয়ে দিলেও রোনালদোর ফিরতি শট আর ফেরাতে পারেননি। বেল-রোনালদোর মিলিত প্রচেষ্টা ধরলে দ্বিতীয় গোলটা ইতিহাসের সবচেয়ে দামি গোল হতে পারে, কিন্তু রোনালদোকে খুঁজে পাওয়া যায়নি এখানেও।
নিজেকে চেনাতে রোনালদো সময় নিলেন যোগ হওয়া সময়ের প্রথম মিনিট পর্যন্ত। ডি-বক্সের কোনায় বলটা যখন পেলেন সামনে দুই ডিফেন্ডার। দুর্দান্ত ড্রিবলিংয়ে দুজনের মাঝ দিয়ে বেরিয়ে গেলেন। গোলবারের কাছাকাছি যাওয়ার পর তাঁকে থামানোর শেষ চেষ্টা করেছিলেন আরও একজন। কিন্তু তাঁকেও পেরিয়ে গেলেন এমন ভাব করে যেন কেউ সেখানে ছিলই না! তারপর বাঁ পায়ের মিসাইল গতির শট। সেটা থামাতে হলে মুসলেরাকে আরব্য রজনীর দৈত্য হতে হতো।
গত মৌসুমে ১২ গোল করে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। এবার প্রথম ম্যাচেই তিন গোল করে আভাস দিলেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার। তবে রোনালদো ব্যক্তিগত এসব অর্জন নয়, বেশি খুশি দলের দশম শিরোপা জয়ের মিশনটা দারুণভাবে শুরু হওয়ায়, ‘এর চেয়ে ভালোভাবে শুরু করা যেত না। আমরা ৬ গোল করেছি এবং এটা আমাদের অনেক আত্মবিশ্বাস জোগাবে।’

ওল্ড ট্রাফোর্ডে ওয়েইন রুনির গোল উদ্যাপন  এএফপি
ওল্ড ট্রাফোর্ডে ওয়েইন রুনির গোল উদ্যাপন এএফপি


আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন রুনিও। দল বদলে চেলসিতে যাওয়ার ইচ্ছেটা জানিয়ে সমর্থকদের কাছে খলনায়ক হয়ে গিয়েছিলেন তিনিও। জোর করে তাঁকে ওল্ড ট্রাফোর্ডে ধরে রাখায় সম্পর্ক শীতল হয়ে গিয়েছিল কোচ ডেভিড ময়েসের সঙ্গেও। কিন্তু সব ভুলে নতুন করে শুরু করা রুনি যেন দিনকে দিন নতুন করে চেনাচ্ছেন নিজেকে। ওল্ড ট্রাফোর্ডে পরশু রাতে আরেকবার সেই প্রমাণ দিলেন ইউনাইটেড স্ট্রাইকার। জোড়া গোল করে শুধু দলের জয়ে অবদানই রাখলেন না, নিজেকে নিয়ে এলেন ইউনাইটেডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় চার নম্বরে। সামনে ববি চার্লটন (২৪৯), ডেনিস ল (২৩৭) ও জ্যাক রাওলির (২১১) মতো কিংবদন্তিরা। তবে এভাবে খেলে গেলে রুনি একসময় তাঁদের সবাইকে ছাড়িয়ে যাবেন এমন বিশ্বাস কোচ ময়েসের, ‘আমার মনে আছে, আমি এখানে আসার পর বলেছিলাম, ওর ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ আছে। আজ রাতে যেভাবে খেলেছে, যদি সে এভাবে খেলে যায় তাহলে একদিন ও সেখানে পৌঁছাবেই।’ এএফপি।