রোনালদো-রুনির হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালের সূর্য যেমন দিনের পূর্বাভাস দেয়, তেমনি প্রাক-মৌসুম সফর থেকেও পুরো মৌসুমের পূর্বাভাস আপনি পেতেই পারেন। তা-ই যদি হয়, তবে এবারের মৌসুমটা আবারও মাতাতে চলেছেন গতবার রিয়াল মাদ্রিদের হয়ে ৫৩ গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো। একই পূর্বাভাস দিচ্ছেন ওয়েইন রুনিও।ম্যানচেস্টার ইউনাইটেডে একসময় সতীর্থ ছিলেন। এখন দুজনের ঠিকানা আলাদা। তবে পরশু দুজনই মিলে গেলেন একই বিন্দুতে। প্রাক-মৌসুম সফরে রিয়াল মাদ্রিদ আর ম্যানইউ দুই দলই এখন যুক্তরাষ্ট্রে। সেখানেই নিজ নিজ ম্যাচে হ্যাটট্রিক করেছেন রুনি আর রোনালদো। ওয়াশিংটনে সিয়াটল সন্ডার্সকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানইউ। আর ক্যালিফোর্নিয়ায় মেক্সিকান ক্লাব গুয়াদালহারাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল।দুই পরাশক্তির কাছে পাত্তাই পায়নি দুই খুদে প্রতিপক্ষ। তবে গুয়াদালহারা কিন্তু ৭২ মিনিট পর্যন্ত গোলবঞ্চিত রেখেছিল রিয়ালকে। ৭৩ মিনিটে প্রথম গোল করার ৯ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। ৭৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন পেনাল্টি থেকে।১৫ মিনিটে করা মাইকেল ওয়েনের গোলে সিয়াটল সন্ডার্সের বিপক্ষে ১-০ তে এগিয়ে যায় ম্যানইউ। আসল ঝড়টা স্বাগতিকদের ওপর বয়ে যায় দ্বিতীয়ার্ধে। ৫১, ৬৯ ও ৭২ মিনিটে সিয়াটলের জালে তিন গোল দেন রুনি। এর মধ্যে ৪৯ মিনিটে মামে দিউফ আর ৭১ মিনিটে পার্ক গোল করায় ৬-০ গোলে এগিয়ে গিয়েছিল ম্যানইউ। ৮৮ মিনিটে শেষ পেরেকটি ঠোকেন গ্যাব্রিয়েল ওবার্তান। যুক্তরাষ্ট্র সফরের প্রথম ম্যাচে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানইউ। এই সফরে আরও চারটি ম্যাচ খেলবে ইংলিশ চ্যাম্পিয়নরা। এর মধ্যে ৩০ জুলাই তাদের ম্যাচ বার্সেলোনার বিপক্ষে। যুক্তরাষ্ট্রে আর একটি ম্যাচ খেলে জার্মানি, যুক্তরাজ্য আর চীন সফর করবে রিয়াল।প্রাক-মৌসুম সফর থেকেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে একটা বার্তা পাঠাতে চায় রিয়াল। দলের শক্তি আরও বাড়াতে বেশ কিছু নতুন খেলোয়াড়ও দলে নিয়েছেন হোসে মরিনহো। নতুন এই খেলোয়াড়দের দেখে রোনালদো দারুণ মুগ্ধ, ‘দলের সব নতুন খেলোয়াড়ই আমাকে বিস্মিত করেছে। তারা আসলেই খুব ভালো করছে। দল হিসেবে আমরাও ভালো করছি। নতুন মৌসুমের জন্য ধীরে ধীরে দলটা দাঁড়িয়ে যাচ্ছে।’ এএফপি, ওয়েবসাইট।