রোনালদো হতে পারতেন আর্সেনালের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

একটুর জন্য কত কিছু হয়নি। ক্রিস্টিয়ানো রোনালদো যেমন আর্সেনালের জার্সি গায়ে চড়ানোর খুব কাছাকাছি এসেও বেছে নিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডকে।
অবাক হচ্ছেন? চমকপ্রদ এই তথ্যটা কিন্তু দিয়েছেন স্বয়ং আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। ২০০৩ সালে পর্তুগিজ ফরোয়ার্ড যখন স্পোর্টিং লিসবন ছাড়েন, তখন কথাবার্তা নাকি প্রায় পাকা হয়ে গিয়েছিল আর্সেনালের সঙ্গে। এমিরেটস স্টেডিয়ামে রোনালদো-বরণের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। ব্রিটিশ টিভি চ্যানেল আইটিভি ফোরের এক প্রামাণ্যচিত্রতে ওয়েঙ্গার স্মৃতিচারণা করেছেন সেই সময়ের, ‘ও আমাদের ক্লাবে প্রায় এসেই গিয়েছিল। পেছনে রোনালদো লেখা আর্সেনালের ৯ নম্বর জার্সিও তৈরি হয়ে গিয়েছিল।’ ওয়েবসাইট।

আর্সেন ওয়েঙ্গার
আর্সেন ওয়েঙ্গার

এত কিছুর পর রোনালদোর মত বদলে দেওয়ার কাজটা নাকি করেছেন কার্লোস কুইরোজ। সেই সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সহকারী কোচ কুইরোজ স্পোর্টিং লিসবনের সাবেক কোচ হওয়ার কারণে রোনালদোর সঙ্গে ছিল খুবই সুসম্পর্ক। তিনিই রোনালদোকে রাজি করান ওল্ড ট্রাফোর্ডে যোগ দিতে। এত দিন পরও সেই ঘটনাটা মনে করে যেন কিছুটা আফসোস ওয়েঙ্গারের কণ্ঠে, ‘এটাই জীবন। আপনি আপনার সেরাটা দেবেন, কিন্তু তারপর দেখবেন আপনার চেয়েও শক্তিশালী কেউ একজন আছে। এটা সবার বেলায় হতে পারে।’