রোনালদো হারলেন নাদালের কাছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো হারলেন নাদালের কাছে!
রোনালদো হারলেন নাদালের কাছে!

রোনালদো আর রাফায়েল নাদালকে নিশ্চয়ই চিনতে পারছেন। মুখটা অন্যদিকে ঘোরানো না থাকলে হয়তো চিনে ফেলতেন সাবেক ইউক্রেনিয়ান ফুটবলার আন্দ্রেই শেভচেঙ্কোকেও (বাঁ থেকে দ্বিতীয়)। বাকিরাও কোনো না কোনো খেলার সঙ্গে যুক্ত—বিশ্বের এক নম্বর পোকার খেলোয়াড় কানাডার ড্যানিয়েন নেগ্রেয়ানো (বাঁ থেকে প্রথম), সাবেক ডাচ হকি খেলোয়াড় ফাতিমা মোরেইরো ডি মেলো ও ইতালিয়ান স্কাইয়ার আলবার্তো তোম্বা (ডান থেকে প্রথম ও দ্বিতীয়)।

খেলার জগৎটা ভিন্ন হলেও পরশু চেক প্রজাতন্ত্রের প্রাগে সবাই এক হয়েছিলেন একটি প্রীতি পোকার টুর্নামেন্টে। খেলেছেন একে অন্যের বিপক্ষে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছেন পুরুষদের টেনিসের এক নম্বর নাদাল! প্রাইজমানি পেয়েছেন এক লক্ষ ইউরো। তবে অর্থটা সরাসরি নিচ্ছেন না নাদাল। তাঁর এই প্রাইজমানি ও টুর্নামেন্ট থেকে আয়ের পুরো অর্থই চলে যাবে ‘দ্য গুড হ্যান্ড প্রজেক্ট’ নামে একটা দাতব্য সংগঠনে। সংগঠনটি বিশ্বজুড়ে তরুণদের কর্মজীবী হতে নানা রকম সাহায্য দিয়ে থাকে।

ভাবছেন, টেনিস খেলোয়াড় হয়ে নাদাল কী করে একটা পোকার টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে গেলেন? আসলে গত বছর হাঁটুর চোটে কোর্ট থেকে ছিটকে যাওয়ার পরই নাকি পুনর্বাসনের সময়টুকু পোকার খেলে কাটিয়েছেন নাদাল। সময়টা যে বৃথা যায়নি, সে তো দেখাই যাচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার পথে স্পেনের এই টেনিস খেলোয়াড় রোনালদো-শেভচেঙ্কোদেরই শুধু হারাননি, জিতেছেন বিশ্বের এক নম্বর পোকার খেলোয়াড় নেগ্রেয়ানোর বিপক্ষেও!
তাহলে কি এখন থেকে টেনিসের পাশাপাশি পোকারকেও পেশা হিসেবে নেবেন? নাদালের মুখে হাসি, ‘এখানে তো একটা মহৎ উদ্দেশ্যে খেলেছি। তবে আমি শুধু জানি, কাল সকাল নয়টায় আমি র‌্যাকেট হাতে কোর্টে যাব অনুশীলন করতে। টেনিসই আমার জীবন।’এএফপি।