রোনালদো-হিগুয়েইন যুগলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মধ্যে শীর্ষস্থানের লড়াই। লড়াই চলছে আরেকটাও। সেটা দুই আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি ও গঞ্জালো হিগুয়েইনের। পরশু রেসিং সান্তান্দারকে ২-০ গোলে হারিয়ে লিগে টানা ১২তম জয় তুলে নিয়ে প্রথম লড়াইয়ে বার্সেলোনার ওপরেই থাকল রিয়াল মাদ্রিদ। আর দুই গোলের একটি করে দ্বিতীয় লড়াইয়ে বার্সেলোনার মেসির কাছাকাছি নিজেকে রাখতে পারলেন রিয়ালের হিগুয়েইন।এক সপ্তাহ পর আবার রিয়ালের জয়ে গোল করে অবদান রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালের প্রথম গোলটি করেছেন পর্তুগিজ উইঙ্গার। ৭৬ মিনিটে দ্বিতীয় গোলটি হিগুয়েইনের। এ নিয়ে টানা ৬ ম্যাচেই গোল পেলেন আর্জেন্টাইন স্ট্রাইকার।স্প্যানিশ লিগে এর আগের ম্যাচে গোল পাননি, তবে রিয়ালের স্প্যানিশ লিগ শিরোপা জয়ের ভরসার প্রতীক হিগুয়েইনের সঙ্গে রোনালদোও। চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন। স্প্যানিশ লিগে মাত্র ২১টি ম্যাচই খেলতে পেরেছেন। আর তাতেই করেছেন ১৮ গোল। হিগুয়েইন করেছেন ২৪টি। ২৬ গোল করে শুধু মেসিই এগিয়ে তাঁর চেয়ে। রিয়াল এ মৌসুমে যে ৮৩ গোল করেছে, তার ৪২টিই হিগুয়েইন ও রোনালদোর।রেসিংয়ের মাঠে প্রথমার্ধে স্বাগতিকদের কোণঠাসা করে দিয়েছেন তাঁরা দুজন। তবে দ্বিতীয়ার্ধে রিয়াল ঠিক তাদের মতো খেলতে পারেনি। তবে এ নিয়ে রিয়াল মাদ্রিদে কোনো ভাবনার লেশ নেই। রিয়াল কোচ হোসে ম্যানুয়েল পেলেগ্রিনির ভাবনাজুড়ে কেবলই শনিবারের ‘এল ক্লাসিকো’। ৩০ ম্যাচ শেষে রিয়াল-বার্সা দুদলেরই পয়েন্ট ৭৭। শুধু গোল ব্যবধানই শীর্ষে রেখেছে রিয়ালকে।তবে মৌসুম শেষে দুদলের পয়েন্ট সমান থাকলে দেখা হবে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে। বছরের প্রথম এল ক্লাসিকোয় ১-০ গোলে জিতে বার্সা আপাতত এখানে এগিয়ে। তবে বার্নাব্যুতে আসন্ন শনিবারের এল ক্লাসিকোতে কেউ যে এগিয়ে নেই, রিয়াল কোচ বললেন সেটাই, ‘এই ম্যাচে কেউই সুস্পষ্ট ফেবারিট নয়। দুদলই ফর্মে আছে এবং প্রচুর ম্যাচ জিতছে। যে দল কম ভুল করবে, সে দলই জিতবে।’ এএফপি।