রোনালদো-হিগুয়েইনই রিয়ালের সারথি
কেহ কারে নাহি জিনে সমানে সমান। স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার শিরোপা লড়াইয়ের অবস্থা এখন ঠিক এ রকমই। এই তো গত বুধবার ২৪ ঘণ্টার জন্য বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে ছাড়িয়ে শীর্ষে উঠল। পরশু আবার রিয়াল মাদ্রিদ নিয়ে নিল তাদের ওই জায়গাটা। আপাতত শীর্ষস্থানের এই ‘মিউজিক্যাল চেয়ার’ খেলাটাও নিয়ন্ত্রিত হচ্ছে গোল ব্যবধানে। ২৮ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট ৭১। এই ২৮ ম্যাচে রিয়াল করেছে ৭৮ গোল, খেয়েছে ২৪ গোল। আর বার্সেলোনা ৭০ গোল করার বিপরীতে খেয়েছে ১৮টি। জিততে না পারলেই পা হড়কে দ্বিতীয় স্থানে নেমে যেতে হবে—এটা মাথায় রেখেই গেটাফের মাঠে গিয়েছিল রিয়াল। যা চেয়েছে, রিয়াল তা ঠিকই পেয়েছে। গেটাফের মাঠ থেকে ফিরেছে তারা ৪-২ গোলের জয় নিয়ে। জয়ের নায়ক? যে দুজন রিয়ালের নতুন জাগরণের নায়ক সেই ক্রিস্টিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েইন।বার্সেলোনায় স্বদেশি-সতীর্থ মেসি জাদুর কৌটা খুলে বসেছেন। দেখিয়ে যাচ্ছেন একের পর এক জাদুকরি পারফরম্যান্স। বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার প্রশ্ন যখন আছে, তখন হিগুয়েইনই-বা বসে থাকেন কী করে! একের পর এক গোল করে আর্জেন্টিনা কোচ ডিয়েগো ম্যারাডোনাকে মুগ্ধ করছেন তিনি। পরশু জোড়া গোল করে স্প্যানিশ লিগে নিজের গোলসংখ্যা নিয়ে গেলেন ২২-এ। লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। এই তালিকার শীর্ষে আর্জেন্টিনা দলে তাঁর সিনিয়র সতীর্থ মেসি। ২৫ গোল তাঁর।পরশু জোড়া গোল করেছেন রোনালদোও। এই দুই গোল দিয়ে রোনালদো লিগে তাঁর গোলসংখ্যা নিয়ে গেলেন ১৭-তে। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের গোল করার পাল্লাটা আরও ভারীই হয়তো হতো। কিন্তু লিগের শুরুর দিকে চোট তাঁর থেকে কেড়ে নিয়েছে প্রায় দুই মাস সময়। তার পরও ১৭ গোল করতে মাত্র ১৯টি ম্যাচই লেগেছে পর্তুগিজ তারকার।রিয়ালের মাঠ বার্নাব্যুতে হবে এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। নিজেদের মাঠে ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতার দর্শক হয়েই থাকছে রিয়াল। তাই লা লিগা জিতে সান্ত্বনা খুঁজতে মরিয়া তারা। সেই মরিয়া ভাব থেকেই বুঝি যে দলকে সামনে পায় সেই দলকেই দুমড়েমুচড়ে দিতে চায় ‘গ্যালাকটিকো’রা। পরশু যেমন ম্যাচের শুরু থেকেই গেটাফেকে বুঝিয়ে দিতে চাইল গোল-ক্ষুধা। ম্যাচের প্রথম মিনিট থেকেই গেটাফের রক্ষণে ঝাঁপিয়ে পড়েন রোনালদো-হিগুয়েইনরা। ৩৭ মিনিটের মধ্যে ২৪ মিনিটের ব্যবধানেই পেয়ে যান তাঁরা চার চারটি গোল। ১৩ মিনিটে ফ্রি-কিক থেকে গোলের শুরুটা রোনালদোর মাধ্যমে। ২০ ও ২৩ মিনিটে হিগুয়েইন করেছেন দ্বিতীয় ও তৃতীয়টি। ৩৭ মিনিটে রোনালদো পেলেন তাঁর দ্বিতীয় গোল।পরের মিনিটেই অবশ্য পাজেরোর মাধ্যমে একটি গোল ফিরিয়ে দিয়েছে গেটাফে। ৮০ মিনিটে তাদের দ্বিতীয় গোলটি করেছেন পেদ্রো লিওন। এর মাঝে আর কোনো দলই করতে না পারলেও রোনালদো-হিগুয়েইনরা মিলে মিস করেছেন প্রায় হাফ ডজন সহজ সুযোগ।ওদিকে সিরি ‘আ’তে নাপোলির কাছে ১-৩ গোলে হেরে গেছে জুভেন্টাস। ৭ মিনিটে চিয়েলিনির গোলে অবশ্য এগিয়ে গিয়েছিল ‘তুরিনের ওল্ড লেডি’রাই। কিন্তু দ্বিতীয়ার্ধে হামসিক, কোয়াগলিয়ারেল্লা ও লাভেজ্জির গোলে জয় পায় নাপোলি। এই পরাজয় জুভেন্টাসকে ঠেলে দিয়েছে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে। ৩০ ম্যাচে ৪৫ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে শ্রেয়তর গোল ব্যবধানের কল্যাণে ষষ্ঠ স্থানে নাপোলি। তাদের ওপরে সাম্পদোরিয়া (৪৭) ও পালের্মো (৪৮)। শিরোপা লড়াইয়ের তিন দল ইন্টার মিলান, এসি মিলান ও এএস রোমার পয়েন্ট ৬৩, ৫৯ ও ৫৯। গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে মিলান। এএফপি।