রোনালদো ১০ নম্বরে!
আর্জেন্টিনার সমর্থকদের কাছে একটা কুইজ। বলুন তো, দারিও কনকা কে?বেশির ভাগ আর্জেন্টিনা সমর্থক প্রশ্নটা শুনে মাথা চুলকাতে শুরু করেছে। আর্জেন্টিনার পাঁড় ভক্তদের কাছেও অচেনা যে ফুটবলার, সেই কনকা যদি বেশি বেতন পান ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে; সেটা হজম করা সত্যিই কঠিন। স্পেনের শীর্ষ ক্রীড়া দৈনিক মার্কা যে হিসাব দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, রিভার প্লেটের আবিষ্কার, বর্তমানে চীনের গুয়াংজু এভারগ্রান্ডের হয়ে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার বছরে কর কর্তন বাদে বেতন পান ১ কোটি ৩৩ লাখ ডলার; অথচ রোনালদোর বার্ষিক বেতন ১ কোটি ২৫ লাখ ডলার!রোনালদো নিজে এই বেতনের তালিকা পকেটে নিয়ে ঘুরছেন, এমনটা কল্পনা করা কঠিন। তবে তাঁর চেয়ে স্যামুয়েল ইতো বা জ্লাতান ইব্রাহিমোভিচরা যে বেশি বেতন পাচ্ছেন, এটা অজানা নয়। এ নিয়ে পত্রপত্রিকায় বিস্তর লেখালেখি হয়েছে। একসময় লিওনেল মেসির সঙ্গে তাঁর বেতনের ভারসাম্য ধরে রাখা হয়েছিল। কিন্তু মার্কার হিসাব বলছে, মেসিও এখন রোনালদোর চেয়ে বছরে ৮ লাখ ডলার বেশি বেতন পান। রোনালদোর আহত বোধ করার যথেষ্ট কারণ আছে বৈকি।গত কিছুদিনে ফুটবলারদের বেতনের ধারণাটাই পুরো পাল্টে গেছে। আনঝি মাখাচকালা, সাংহাই শেনহুয়া, গুয়াংজু এভারগ্রান্ডের মতো অখ্যাত দলগুলোও দেদার টাকা ঢেলে ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা ফুটবলারদের কিনে আনছে। সেখানে ট্রান্সফার ফির বিচারে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়ে তিনি কেন এত পিছিয়ে থাকবেন? রোনালদোর বেশি বেতন চাওয়ায় সমস্যা কোথায়?তিন বছর আগে ৮ কোটি পাউন্ডে তাঁকে বিক্রি করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। যেটা খেলোয়াড় দলবদলে নতুন বিশ্ব রেকর্ড। কিছুদিন আগে ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসন আফসোস করেছেন, রোনালদোর দামটা নাকি কম হয়ে গেছে। রিয়াল তাঁর বাইআউট ক্লজ যে প্রায় ৮০ কোটি পাউন্ড করেছে, এর থেকেই রোনালদোর মূল্যটা বোঝা যায়। অর্থাৎ চুক্তি ভঙ্গ করে রোনালদোকে কেউ কিনতে চাইলে মাদ্রিদকে দিতে হবে রোনালদোর কেনা দামের প্রায় ১০ গুণ!রোনালদো নিজের দামের প্রতিদান মাঠে নিরন্তর দিয়ে চলেছেন। রিয়ালের জার্সি গায়ে ১৪৯ ম্যাচে ১৫০ গোল তারই প্রমাণ। গতবার লিগও জিতিয়েছেন। গত মৌসুমে একাই করেছেন ৬০ গোল, সেখানে প্রধান স্ট্রাইকার করিম বেনজেমার গোল ৩২টি। শুধু কি মাঠে, রোনালদো-ব্র্যান্ডের রমরমা মাঠের বাইরেও। তাঁর সৌজন্যে খেলার বাইরে থেকেও অনেক আয় করে রিয়াল। রোনালদোর জার্সি ও অন্যান্য পণ্য বিক্রির সঙ্গে স্পনসর টানায়ও সিআর সেভেনের বড় ভূমিকা। রোনালদো নিজে অবশ্য গত দুই দিনের ঝড়ের পর মুখ খুলেছেন। বলেছেন, তাঁর অসুখী হওয়ার পেছনে টাকা কোনো কারণ নয়। তা-ই যদি হয়, আসে নতুন প্রশ্ন—তাহলে অসুখী হওয়ার কারণ কী? ড্রেসিংরুম?রিয়ালের ড্রেসিংরুমে স্প্যানিশ বনাম পর্তুগিজ একটা সূক্ষ্ম ফাটল আছে বলে গুঞ্জন শোনা যায়। রোনালদো, পেপে, মার্সেলো, কোয়েন্ত্রাওদের মতো পর্তুগিজ ভাষাভাষীদের সঙ্গে স্প্যানিশ ক্যাসিয়াস-রামোসদের বিভেদের খবর পত্রপত্রিকায় উঠেও এসেছে কখনো কখনো। হোসে মরিনহো এসব ক্ষেত্রে স্বদেশিদের পক্ষে থাকেন বলেও অভিযোগ। গেটাফের বিপক্ষে হারের পর মরিনহোর সঙ্গে ক্যাসিয়াস-রামোসের ঝগড়ার খবর ফাঁস করে দিয়েছিল এল পাইস। এর পর মরিনহোও ওই সপ্তাহে সংবাদমাধ্যমে বেশ কিছু ঝাঁজাল মন্তব্য করেন। সুপারকোপার প্রথম লেগে কোয়েন্ত্রাওর ভুলে একটা গোল খাওয়ার পরও মরিনহো তাঁর স্বদেশির পক্ষে দাঁড়িয়েছিলেন বলে খোলাখুলি মন্তব্য করেন রামোস।মরিনহো আসলেই পর্তুগিজদের প্রতি বেশি স্নেহ দেখান কি না, কে জানে। তবে এই ক্ষেত্রে দেখানোর বিকল্প আর নেই। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্ব খেলবে বলেন আপাতত ক্লাব থেকে ছুটি নিয়েছেন রোনালদো। ফোনেই তাঁর সঙ্গে কথা হয়েছে মরিনহোর। মরিনহো তাঁকে আশ্বস্ত করেছেন ‘স্পেশাল ওয়ানে’র ‘স্পেশাল ওয়ান’ তিনিই। রোনালদোও নাকি কথা দিয়েছেন, এই বিতর্ক মাঠে তাঁর পারফরম্যান্সে কোনো প্রভাব পড়বে না। ওয়েবসাইট।