রোনালদো ‘উসকানিদাতা’!
ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বসেরাদের একজন। তা হতে পারেন, কিন্তু ভ্যালাদোলিদ ডিফেন্ডার নিভালদো সান্তানার কাছে রোনালদো একজন উসকানিদাতা খেলোয়াড়! যিনি কি না মাঠে সুবিধা পেতে রেফারিকে অন্য খেলোয়াড়দের বিরুদ্ধে উসকিয়ে দিতে পারেন! ‘রোনালদো আসলে উসকানিদাতা। ব্যাপারটা স্পর্শকাতর, তবে সে মাঠে এমন কিছু করে যাতে রেফারি তার পক্ষে ফাউল দেয়। এটা আমরা করলে রেফারি হয়তো আমাদেরই কথা শোনাত’—বলেছেন নিভালদো।ভ্যালাদোলিদের বিপক্ষে স্প্যানিশ লিগের সর্বশেষ ম্যাচে রোনালদো এমন কাণ্ড করেছেন বলে দাবি ব্রাজিলিয়ান ডিফেন্ডার নিভালদোর। তবে নিভালদো ফাউল করার পর রোনালদো তাঁর মোজা গুটিয়ে রেফারিকে ক্ষত বের করে দেখান। ওই ক্ষত নিভালদোর ফাউল থেকেই হয়েছে—দাবি রিয়াল তারকার। রিয়ালের মহাপরিচালক জর্জ ভ্যালডানোর ‘সহ্য’ হচ্ছে না দলের সেরা অস্ত্রের এভাবে ফাউলের শিকার হওয়া, ‘নিভালদোর ট্যাকলটি বাজে ট্যাকেল। রোনালদোর প্রতি প্রতিপক্ষ কী আচরণ করছে এটা বিশ্লেষণ করা দরকার।’ এএফপি।