রোনালদো 'স্বার্থপর', বললেন রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই ২০০৬ বিশ্বকাপের ছবি। রোনালদো-রুনি যখন বন্ধু থেকে হয়ে গেলেন ‘শত্রু’
সেই ২০০৬ বিশ্বকাপের ছবি। রোনালদো-রুনি যখন বন্ধু থেকে হয়ে গেলেন ‘শত্রু’

২০০৬ বিশ্বকাপের ক্রিস্টিয়ানো রোনালদোর আচরণটা বোধ হয় এখনো ভোলেননি ওয়েইন রুনি। দুজনেই তখন খেলতেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তাঁদের সম্পর্কটাও ছিল খুব ভালো বন্ধুর। তবে বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে এক ম্যাচে ঠিক ভিন্ন এক রোনালদোকে দেখেছিলেন রুনি। তাঁকে লাল কার্ড দেখাতে রেফারিকে প্ররোচিত করেছিলেন পর্তুগিজ উইঙ্গার। সেখানেই থামেননি রোনালদো, রুনি মাঠ ছাড়ার সময় রোনালদো চোখও টিপে দিয়েছিলেন!

আজ মাঠে গড়াচ্ছে আরেকটি বিশ্বকাপ। এবার ইংল্যান্ড-পর্তুগালের দেখা হবে কি না, তা অনিশ্চিত। তবে এরই মধ্যে রোনালদো সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন রুনি। বলেছেন, রোনালদো স্বার্থপর। দলের নয়, ব্যক্তিগত সাফল্যই তাঁর কাছে মুখ্য।

রুনি লালকার্ড দেখার পর চোখ টিপে দিচ্ছেন রোনালদো
রুনি লালকার্ড দেখার পর চোখ টিপে দিচ্ছেন রোনালদো

রোনালদোর সঙ্গে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইউনাইটেডে খেলা রুনির ভাষ্য, ‘অমর হওয়ার প্রবণতা আমার মধ্যে নেই। এটা রোনালদোর আছে। দলের সাফল্যই আমার কাছে বড়। কিন্তু সে কেবল তার নিজের স্বার্থ দেখে।’

বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচ ১৪ জুন, প্রতিপক্ষ ইতালি। প্রতিপক্ষ শক্তিশালী হলেও এ নিয়ে একদমই ভাবছেন না রুনি, ‘ইতালি দলে কয়েকজন অসাধারণ খেলোয়াড় আছে। সেটা আমাদেরও আছে। তাদেরই বরং আমাদের দলকে নিয়ে দুশ্চিন্তা করা উচিত।’

বর্তমান ইংল্যান্ড দলটাই তাঁর দেখা সেরা বলেও মন্তব্য রুনির, ‘যত দিন ধরে ইংল্যান্ড দলের সঙ্গে আছি, এর মধ্যে বর্তমান দলটাই আমার কাছে সেরা মনে হয়।’ দীর্ঘ ক্যারিয়ারে অনেক কিছুই পেয়েছেন। ইউনাইটেডের হয়ে পাঁচটি প্রিমিয়ার লিগ জিতেছেন। জিতেছেন চ্যাম্পিয়নস লিগও। অবিশ্বাস্য হলেও সত্যি, বিশ্বকাপে এখন পর্যন্ত গোলের দেখা পাননি ইংল্যান্ডের আক্রমণভাগের অন্যতম সেরা এই হাতিয়ার। তবে ব্রাজিল বিশ্বকাপে গোল পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী রুনি, ‘বিশ্বকাপ বাছাইপর্বে আমার রেকর্ড যথেষ্ট ভালো (ছয় গোল)। বিশ্বকাপে সেই কাজটাই করতে চাই। আমি গোল করতে চাই, ইংল্যান্ডকে সফল করতে চাই। সত্যি বলছি, গত বছরগুলোর চেয়ে নিজেকে ভালো অবস্থায় মনে হচ্ছে। যদি খেলার সুযোগ পাই, ভালো করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’ সূত্র: গোলডটকম।