রোনালদোই আবার তুললেন রিয়ালকে
এল ক্লাসিকোর হার মেনে নিতে না পেরে রিয়াল সমর্থকেরা ক্রিস্টিয়ানো রোনালদোকে দুয়ো দিয়েছিল। পর্তুগিজ তারকা তার জবাব দিলেন হ্যাটট্রিক করে! আর ১০ জনের দল হয়েও রিয়াল পরশু সেভিয়াকে উড়িয়ে দিল ৬-২ গোলে।যার অর্থ, প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে থেকেই বড়দিনের ছুটিতে যাচ্ছে হোসে মরিনহোর দল। ১৬ ম্যাচে রিয়ালের ৪০ পয়েন্ট, বার্সেলোনার ৩৭। বার্সাকে পেছনে ফেলল রিয়াল, মেসিকে পেছনে ফেললেন রোনালদো। পরশুর হ্যাটট্রিকটি লিগের এ মৌসুমে তাঁর পঞ্চম। ১৬ ম্যাচে ২০ গোল তাঁর, মেসির ১৭টি। এল ক্লাসিকো ব্যর্থতা ভুলতে সেভিয়ার ম্যাচটিকেই পাখির চোখ করেছিলেন মরিনহো। কিন্তু সেভিয়ার মাঠে সেভিয়াকে হারানো সহজ ছিল না। মরিনহোর সৈনিকেরা কঠিন সেই কাজটিই করল কত সহজে!৪৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পেপে। রিয়াল হয়ে পড়ে ১০ জনের দল। এর আগেই অবশ্য ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল। মানু দেল মোরাল সরাসরি লাল কার্ড পাওয়ায় সেভিয়াও হয়ে যায় ১০ জনের দল। তবে ৭৪ মিনিটে তাঁর লাল কার্ডের আগেই ম্যাচ থেকে ছিটকে পড়ে সেভিয়া (৪-১)। ১০ মিনিটে গোলের দরজা খোলেন রোনালদো। গোল শোধের সুযোগ কয়েকবারই পেয়েছে সেভিয়া। কিন্তু ইকার ক্যাসিয়াসের বিশ্বস্ত হাত রিয়ালকে বিপদে পড়তে দেয়নি। উল্টো ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হোসে মারিও ক্যালিয়ন। ৪১ মিনিটে রোনালদোর দ্বিতীয় গোল (৩-০)। ৬৬ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়া করেন ৪-০। তিন মিনিট পর একটি গোল শোধ দেন জেসাস নাভাস। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে হয় রোনালদোর হ্যাটট্রিক (৫-১)। ৮৯ মিনিটে তুর্কি স্ট্রাইকার আলটিনটপ করেন ৬-১। ৯০ মিনিটে আলভারো নেগ্রেডোর গোল তাই সান্ত্বনা হতে পারেনি সেভিয়ার।হ্যাটট্রিক করে মাঠে তো বটেই, রোনালদো সমালোচনার জবাব দিয়েছেন মুখেও, ‘লোকের কথায় আমি পরোয়া করি না। আমি স্রেফ আমার কাজটা করি।’ ইতালিয়ান সিরি ‘আ’তে শীর্ষে ফিরেছে এসি মিলানও। আন্তোনিও নসেরিনো ও জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে পরশু তারা ২-০ গোলে হারিয়েছে সিয়েনাকে। ফলে জুভেন্টাস ও উদিনেসের চেয়ে এক পয়েন্টে এগিয়ে গেল লিগে গত ১০ ম্যাচে অপরাজিত মিলান (৩১)। গতকাল রাতেই অবশ্য ম্যাচ ছিল সমান ৩০ পয়েন্ট নিয়ে দুই ও তিনে থাকা জুভেন্টাস ও উদিনেসের।ইংল্যান্ডে আবার হোঁচট খেয়েছে চেলসি। নিজেদের মাঠে উইগান আন্দ্রেস ভিলাস-বোয়াসের দলকে আটকে দিয়েছে ১-১ গোলে। ড্যানিয়েল স্টারিজ চেলসিকে প্রথম এগিয়ে দেন ৫৯ মিনিটে। কিন্তু এটি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি ব্লুরা। দায় গোলরক্ষক পিওতর চেকের। ৮৮ মিনিটে উইগানকে সমতায় ফেরানো জর্দি গোমেজের গোলটি তাঁরই ভুলের মাশুল। এএফপি।