রোনালদোই এগিয়ে...
গোল করে দলকে জেতাবেন—ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে সমর্থকদের মূল প্রত্যাশা এটাই। কিন্তু তিনি যে রোনালদো! শুধু সমর্থকদের প্রত্যাশা মিটিয়েই খুশি থাকেন না। আরও বড় ভূমিকাও রাখছেন মাঠে। গোল দরকার, অথচ গোল হচ্ছে না—এই মৌসুমে এমন পরিস্থিতিতে অনেকবারই পড়েছে রিয়াল মাদ্রিদ। চিন্তা কী রোনালদো আছেন না! এই মৌসুমে ১০ বার রিয়ালের হয়ে ম্যাচে প্রথম গোলটি করেছেন রোনালদো। সতীর্থদের চেয়ে এখানেও তিনি এগিয়ে। সর্বশেষ এই কাজটা রোনালদো করেছেন গত শনিবার গ্রানাডার বিপক্ষে লা লিগার ম্যাচে। প্রথমার্ধ পেরিয়ে দ্বিতীয়ার্ধেও কোনো দলই গোল পাচ্ছিল না, রিয়ালের হয়ে গোল বন্ধ্যাত্ব দূর করেন সম্প্রতি ব্যালন ডি’অর জেতা এই তারকা। সব মিলিয়ে এই মৌসুমে ৩২ গোল হলো রোনালদোর। রিয়ালের হয়ে ম্যাচে প্রথম গোলটি করেছেন লা লিগায় ছয়বার, তিনবার চ্যাম্পিয়নস লিগে এবং একবার কোপা ডেল রেতে। ২২ গোল নিয়ে লা লিগায় সর্বোচ্চ গোলদাতার আসনেও এখন পর্তুগিজ উইঙ্গার। রোনালদোর পর রিয়ালের হয়ে সবচেয়ে বেশিবার ম্যাচে প্রথম গোল করেছেন করিম বেনজেমা, পাঁচবার। চারটি গোল নিয়ে এই তালিকার তিনে গ্যারেথ বেল। ওয়েবসাইট।