রোনালদোই যখন মুগ্ধ দর্শক

কখনো হাততালি দিয়ে উঠছেন। কখনো উত্তেজনায় দাঁড়িয়ে পড়ছেন আসন থেকে। কখনো হতাশায় ‘উফফ’ ধ্বনির কোরাসের সঙ্গে মেলাচ্ছেন গলা। মাঠের ক্রিস্টিয়ানো রোনালদোর সৌজন্যে গ্যালারির দর্শকদের এমন অভিজ্ঞতা প্রায়ই হয়। কিন্তু রোনালদোও কখনো কখনো বনে যান দর্শক। তখন তাঁর অভিব্যক্তিও হয়ে যায় দর্শক-সমর্থকেরা। যেমন হলো কাল।
মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে ৬-২, ৬-৪ গেমে উড়িয়ে দিয়েছেন নাদাল। তিন বছর আর টানা সাত ম্যাচ হেরে যাওয়ার পর অবশেষে জোকোভিচের বিপক্ষে জিতলেন নাদাল। সেই ম্যাচটি দেখতে এসেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। মাদ্রিদেই খেলা, তার ওপর নাদাল অনেকবারই বার্নাব্যুর গ্যালারিতে এসে সমর্থন দিয়ে গেছেন। রোনালদো তাই কাল গলা ফাটালেন নাদালের জন্য।
আজ ফাইনালটি অবশ্য রোনালদোর দেখা হবে না। রিয়ালেরও যে আজ গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। ফাইনালে নাদালের প্রতিপক্ষ ডমিনিক থিয়েম। মাটির কোর্টে এই মৌসুমে ১৪ ম্যাচ ধরে অপরাজিত নাদালের জন্য মাদ্রিদ ওপেনের শিরোপা হবে বাড়তি প্রেরণার। ২০১৪ সালের পর প্রথম গ্র্যান্ড স্লাম ট্রফিটা ফ্রেঞ্চ ওপেনে জিততে মরিয়া নাদাল।

মাঝখানে একাই টেনিস বিশ্বে ছড়ি ঘোরানো জোকোভিচ এখন নিজেই নিজেকে হারিয়ে খুঁজছেন। তাঁর পুরো কোচিং দলকে বদলানোর পর এটাই ছিল এই সার্বিয়ানের প্রথম টুর্নামেন্ট। সেখানে সেমিফাইনালের পড়লেন নাদালের মুখে। একদম দাঁড়াতেই পারেননি, হেরেছেন সরাসরি সেটে। প্রথম সেটে মোটে দুটি গেম জিতেছেন। তাও তো পিছিয়ে পড়েছিলেন ৪-০তে। দ্বিতীয় সেটে কিছুটা ভোগালেন। বিশেষ করে ডাবল ম্যাচ পয়েন্টের মুখে দাঁড়িয়ে থাকা নাদালকে বেশ অধৈর্য করে তুলেছিলেন জয়টাকে ঠেকিয়ে রেখে।
শেষ পর্যন্ত অবশ্য নাদালই জিতেছেন। রোনালদোর সমর্থনটা বৃথা যায়নি তাহলে!