রোনালদোই রিয়ালের সর্বকালের সেরা!

রিয়াল মাদ্রিদের ইতিহাস শত বছরের। কম তারকা খেলোয়াড়ের পদধূলি পড়েনি মাদ্রিদের ক্লাবটিতে। পঞ্চাশ-ষাট দশকের আলফ্রেডো ডি স্টেফানো, ফেরেঙ্ক পুসকাস থেকে শুরু করে আশির দশকে হুগো সানচেজ, নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে রাউল, নতুন শতকের শুরুতে গড়া গ্যালাকটিকোসের জিদান-রোনালদোরা হয়ে আজকের ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এঁদের মধ্যে এখনকার রোনালদোই কি রিয়ালের সর্বকালের সেরা? মাইকেল ওয়েনের রায় কিন্তু তেমনটাই।
রিয়ালে এক মৌসুম খেলে যাওয়া ওয়েন বলছেন, ‘আমি মনে করি রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা খেলোয়াড় হলো ক্রিস্টিয়ানো রোনালদো। ফেরেঙ্ক পুসকাস এর পরেই থাকবেন। রোনালদো কিন্তু পুসকাসের ২৪২ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন তাঁর চেয়েও অনেক কম ম্যাচ খেলেই।’
এ নিয়ে বিতর্ক হতেই পারে। ডি স্টেফানো যেমন পাঁচ পাঁচটি ইউরোপিয়ান কাপ জিতেছেন। তবে সেটি ছিল এখনকার চ্যাম্পিয়নস লিগের মাত্র যাত্রা শুরুর সময়কার ঘটনা। রাউল আবার তিনটা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার পাশাপাশি ছয়বার স্প্যানিশ লিগও জিতেছেন। সেখানে রিয়ালের হয়ে এখনো চ্যাম্পিয়নস লিগ না-জেতা রোনালদো লিগও জিতেছেন মাত্র একবার।
দলীয় অর্জনের দিকে পিছিয়ে থাকলেও ব্যক্তিগত সামর্থ্যের পরিসংখ্যান কিন্তু রোনালদোর পক্ষেই বলবে। রিয়ালের হয়ে মাত্র পঞ্চম মৌসুমেই ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় চারে উঠে এসেছেন রোনালদো। শুধু তা-ই নয়, এই তালিকায় রোনালদোই একমাত্র খেলোয়াড়, ম্যাচপ্রতি যাঁর গোল-গড় একেরও বেশি। চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচে রিয়ালের হয়ে ২৫০ গোলের মাইলফলক ছোঁয়া রোনালদো ম্যাচ খেলেছেন ২৪৩টি। রিয়ালের এর আগের সবচেয়ে ধারাবাহিক গোল স্কোরার পুসকাসের গোল গড়ও দশমিক ৯২। ২৪২ গোল করেছেন ২৬২ ম্যাচে।
রিয়ালের হয়ে টানা পাঁচ মৌসুমের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে, আর চুক্তির মেয়াদ অনুযায়ী যদি ২০১৮ সাল পর্যন্ত ক্লাবটিতে রোনালদো থাকেন, নিশ্চিতভাবেই রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। এমনটাই ভবিষ্যদ্বাণী ওয়েনের। গত বছর পেশাদার ফুটবলকে বিদায় জানানো এই স্ট্রাইকার মনে করিয়ে দিয়েছেন, ‘রিয়ালের হয়ে দ্রুততম সময়ে ১০০ গোল করার রেকর্ডটা কিন্তু ওর। শুধু তা-ই নয়, এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটাও রোনালদোর।’