রোনালদোই সবচেয়ে বাজে!

ইউরোপের ক্লাব ফুটবল জয় করে এসেছিলেন। লক্ষ্য ছিল বিশ্বজয় করার। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোকে ফিরতে হলো খালি হাতে। না, একেবারে খালি হাতেও নয়। তবে যা প্রাপ্তিযোগ, রোনালদো সেটা না পেলেই খুশি হতেন। ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদোই যে এই বিশ্বকাপে আক্রমণভাগের সবচেয়ে বাজে খেলোয়াড় হয়েছেন। অন্তত পরিসংখ্যানের হিসাবে।
দলের ব্যর্থতায় ক্ষুব্ধ হয়ে অধিনায়ক বলেছিলেন, পর্তুগাল বড্ড সাদামাটা দল। এমন দল নিয়ে বিশ্বকাপ জেতা যায় না। অধিনায়ক হয়ে এমন মন্তব্য করায় রোনালদোর ওপর নাখোশ হয়েছিলেন অনেকে। পরিসংখ্যানও বলছে, বিশ্বকাপে পর্তুগালের গড়পড়তা হয়ে থাকার প্রধান দায় রোনালদোর নিজেরই।
এই বিশ্বকাপে গ্রুপ পর্বে রোনালদো গোলে ২২টি শট নিয়েছেন। গ্রুপ পর্বে আর কোনো খেলোয়াড় এতগুলো শট নেয়নি বিশ্বকাপে। দ্বিতীয় সর্বোচ্চ ২১টি শট নিয়েছেন করিম বেনজেমা। ফরাসি স্ট্রাইকার তবু তিন গোল করেছেন। কিন্তু রোনালদোর নামের পাশে মাত্র একটি গোল।
গোল সুযোগকে গোলে রূপান্তর করার হারের দিক দিয়ে রোনালদোই বিশ্বকাপের সবচেয়ে বাজে ফরোয়ার্ড। এমনকি ঘানার আসামোয়া জিয়ান, রোনালদোর সঙ্গে কোনো দিক দিয়ে যার তুলনাই চলে না, সেই তিনিও গোলে ১৭টি শট নিয়ে দুটো গোল করেছেন।