রোনালদোও বলছেন মেসি
লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে সেরা কে—এই বিতর্কে ক্রমেই ভারী হচ্ছে মেসির পাল্লা। কদিন আগে মেসির সবচেয়ে বড় সমালোচক হিসেবে পরিচিত পেলে তাঁর আগের বক্তব্য নরম করে বলেছেন এ মুহূর্তে মেসিই বিশ্বের সেরা। এবার পেলের সঙ্গে সুর মেলালেন তাঁর স্বদেশি রোনালদোও। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এগিয়ে রাখলেন মেসিকেই। বললেন, বিশ্বসেরার প্রশ্নে মেসিকে প্রতিযোগিতাই করতে হচ্ছে না, সন্দেহাতীতভাবেই মেসি বর্তমান বিশ্বের সেরা।রাশি রাশি গোল আর অনিন্দ্য ফুটবলশৈলী দিয়ে ফুটবল-বিশ্বকে মাতিয়ে রেখেছেন মেসি-রোনালদো। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তারকার মধ্যে কে সেরা এই বিতর্কও তাই চলছে সমান্তরালে। খেলোয়াড়ি জীবনে রোনালদো বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ দুই ক্লাবেই খেলেছেন। তবে তাঁর হূদয়ের বড় অংশজুড়ে আছে রিয়াল মাদ্রিদ। ২০০২ থেকে ২০০৭—টানা পাঁচ বছর রিয়ালে খেলে দুবার লা লিগা জেতা রোনালদো এখনো নিজেকে রিয়াল সমর্থকই ভাবেন। এটা আরেকবার মনে করিয়ে দিয়েও বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এগিয়ে রাখছেন মেসিকেই, ‘আমি রিয়াল মাদ্রিদের বড় সমর্থক। কিন্তু কোনো সন্দেহই নেই, মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়।’একসময় ব্রাজিলের ৩৫ বছর বয়সী তারকাকে মনে করা হতো বিশ্বের সেরা স্ট্রাইকার। আধুনিক ফুটবলের ঐতিহ্যবাহী ৯ নম্বর জার্সিটাকে নিজের প্রতীক বানিয়ে ফেলেছিলেন! এবারের ইউরোতে স্পেন ঐতিহ্যবাহী ৯ নম্বর ছাড়াই ঘরে তুলেছে শিরোপা। তবে রোনালদোর বিশ্বাস, ফুটবলে ঐতিহ্যবাহী ৯ নম্বর ঠিকই জায়গা ধরে রাখবে, ‘ফুটবলে পরিবর্তন এসেছে। আমি মনে করি, ৯ নম্বর ছাড়াই স্পেন অসাধারণ করেছে। আমি দেল বস্ককে ভালো করেই চিনি। রিয়াল মাদ্রিদে আমি তাঁকে কোচ হিসেবে পেয়েছিলাম এবং তিনি সব সময়ই আমাকে খাঁটি ৯ নম্বর হিসেবে খেলিয়েছেন। এটা নির্ভর করে প্রতিটা ম্যাচ, প্রতিপক্ষ এবং আপনি দলকে কোন ছকে খেলাবেন তার ওপর। আমি মনে করি, ৯ নম্বর চিরকালই টিকে থাকবে।’ ওয়েবসাইট।