রোনালদোকে আবার হারিয়ে দিচ্ছেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠের বাইরে রোনালদোকে হারিয়ে দেওয়ার পথে মেসি।
মাঠের বাইরে রোনালদোকে হারিয়ে দেওয়ার পথে মেসি।

লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো—কে সেরা? এ মুহূর্তে বিতর্কটা অমীমাংসিতই। লড়াই কেবল মাঠে নয়, লড়াই চলে মাঠের বাইরেও। আর এ লড়াইয়ে কিছুটা এগিয়ে পর্তুগিজ তারকাই। বেতনের দিক দিয়ে রোনালদোর বার্ষিক আয় এখন ১ কোটি ৮০ লাখ ইউরো। আর মেসি পান ১ কোটি ৩০ লাখ ইউরো। বোনাসসহ ১ কোটি ৬০ লাখ ইউরো। টাকা-পয়সার ব্যাপারে মেসির যাতে কিছুতেই ‘মন খারাপ’ না হয়, সে ব্যাপারে সচেতন বার্সা কর্তৃপক্ষ। এ কারণে অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, আর্জেন্টিনা অধিনায়কের বেতন বাড়াবে বার্সা। এবার এক প্রকার পাকা কথাই জানা গেল। মেসির নতুন যে বেতন কাঠামো দাঁড়াচ্ছে, তাতে অনায়সে ছাড়িয়ে যাবেন ঘোর প্রতিদ্বন্দ্বী রোনালদোকে।

এ প্রসঙ্গে বার্সা নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, ‘চুক্তির শর্তগুলো সমন্বয় করতে লিওনেল মেসির সঙ্গে এক সমঝোতায় পৌঁছেছে এফসি বার্সেলোনা। কিছুদিনের মধ্যে সংশোধিত ও হালনাগাদ চুক্তি স্বাক্ষরিত হবে।’ এদিকে মার্চে বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ এএফপিকে দেওয়া এক সাক্ষাত্কারে জানিয়েছিলেন, ‘ক্লাবই চায় সে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হবে।’

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, মেসির নতুন বেতন দাঁড়াবে ২ কোটি ইউরো। অর্থাত্ বার্সা ফরোয়ার্ডের বেতন বাড়বে ৭০ লাখ ইউরো। মেসির বর্তমান চুক্তি ২০১৮-এর জুন পর্যন্ত। বেতন-কড়ি নিয়ে বার্সার প্রাণভোমরার যাতে অসন্তুষ্টি সৃষ্টি না হয়, এ কারণে চুক্তি সংশোধনের উদ্যোগ নিয়েছে কাতালান ক্লাবটি।

জানুয়ারিতে বার্সা সভাপতির পদ থেকে সরে দাঁড়ানো সান্দ্রো রোসেল চেষ্টা করেছিলেন মেসির সঙ্গে নতুন চুক্তি করতে। একরকম পাকাপাকিও নাকি হয়ে গিয়েছিল। কিন্তু নেইমারের দলবদল বিতর্কে পদত্যাগ করেন রোসেল। নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পরই ইঙ্গিত দিয়েছিলেন, তিনিও  হাঁটতে চান রোসেলের পথেই। অবশেষে বিষয়টির সমাধা হতে যাচ্ছে। এএফপি ও ওয়েবসাইট।