এ এক অমীমাংসিত রহস্য। ফুটবল দুনিয়ার বারমুডা ট্রায়াঙ্গল। ক্লাসরুম পাল্টালেই কি ভালো ছাত্র খারাপ হয়ে যায়? তাহলে কেন জার্সি পাল্টালেই ক্রিস্টিয়ানো রোনালদো আর ‘রোনালদো’ থাকেন না! এই এক মৌসুমে ক্লাবের জার্সি গায়ে যত গোল করেছেন, জাতীয় দলের হয়ে তার প্রায় অর্ধেক গোল ১০ বছর খেলে। ক্লাব ক্যারিয়ারে প্রথম বিভাগ পেয়ে আসা ছাত্রটি (ম্যাচপ্রতি গোলের হার ০.৫৮) জাতীয় দলের হয়ে টেনেটুনে পাস (ম্যাচপ্রতি গোলের হার ০.৩৬)। ক্লাবের সমর্থকেরা তাঁর নামে জয়ধ্বনি দেন। আর সেই রোনালদোকে এই সেদিন মেসিডোনিয়ার মতো দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলার সময় শুনতে হলো দুয়ো!এই একটা জায়গায় এ সময়ের ফুটবলের দুই প্রবল প্রতিদ্বন্দ্বী মিলে যান এক বিন্দুতে। লিওনেল মেসি যে কথা শুনে অভ্যস্ত, রোনালদোকেও শুনতে হয় একই কথা। বেঁধে দেওয়া হয় অভিন্ন শর্ত—কিংবদন্তির তালিকায় নাম লেখাতে চাইলে জাতীয় দলের হয়েও করতে হবে দুর্দান্ত কিছু। এবারের ইউরো রোনালদোর জন্য তাই পরীক্ষার বড় মঞ্চও।তবে ইউরোর আগে দলের মূল ভরসাটিকে হয়তো আড়ালই করতে চাইলেন পাওলো বেন্টো। পর্তুগাল কোচ একরকম উড়িয়েই দিলেন রোনালদোর কাঁধে জোয়াল হয়ে চেপে বসা শর্তটিকে। বললেন, রোনালদো এরই মধ্যে প্রমাণিত। কিংবদন্তি হতে চাইলে জাতীয় দলের হয়ে কিছু জিততেই হবে, এটা কোনো বেদবাক্য নয়। ‘জাতীয় দলের হয়েও রোনালদো অসাধারণ একটি পথ পরিক্রম করছে, যেখানে সে ২০০৪ ইউরো থেকেই আছে। স্বাভাবিকভাবেই আমরা চাই, ও একটা বড় টুর্নামেন্ট জিতুক। কিন্তু তার যে সম্ভাবনা ও সামর্থ্য, সেটির স্বীকৃতি পেতে, সর্বকালের সেরাদের একজন হতে জাতীয় দলের হয়ে বড় টুর্নামেন্ট জিততেই হবে, আমি তা মনে করি না।’ সাংবাদিকদের বলেছেন বেন্টো।নিজের বক্তব্যের পেছনে ঝলমলে যুক্তির রোদও এনে হাজির করালেন কোচ, ‘১৯৮৬ বিশ্বকাপ না জিতলেও ম্যারাডোনাকে সবাই বিশ্বের সর্বকালের সেরাদের একজন বলত। ইউসেবিও নিজে মাত্র একটা বিশ্বকাপ খেলেছেন ১৯৬৬ সালে। তার পরও তাঁকে অন্যতম বিশ্বসেরার স্বীকৃতি দেওয়া হয়।’ এক বিশ্বকাপে খেললেও ওই আসরেই কিন্তু সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ইউসেবিও। পর্তুগাল কিংবদন্তি নিজেকে অন্তত প্রমাণ করতে পেরেছেন। যেখানে ২০০৮ ইউরো ও গত দুটি বিশ্বকাপের প্রতিটিতে রোনালদোর গোল একটি করে। বেন্টো অবশ্য তার পরও নিজের বক্তব্যে অটল, ‘একটা দলের সব সমস্যা একজন খেলোয়াড়ই সমাধান করে ফেলবে, এমনটা ভাবা বোকামি। আমি মনে করি না, এটা সম্ভব। এটা মানুষের পক্ষে সম্ভব নয়।’কিন্তু তার পরও রোনালদোকে ‘অতিমানবীয়’ কিছু করতেই হবে পর্তুগালকে তার কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে চাইলে। এখন পর্যন্ত পর্তুগালের বড় সাফল্য বলতে যে বিশ্বকাপে একবার তৃতীয় (১৯৬৬) আর ইউরোতে একবার রানার্সআপ (২০০৪) হওয়া। ২৭ বছর বয়সী রোনালদো একই সঙ্গে ক্যারিয়ারের মধ্যগগনে আর সেরা ফর্মে। এটাই তাঁর জন্য সেরা সুযোগ। পর্তুগালের সাম্প্রতিক ফর্ম অবশ্য খুব আশাবাদী হতে দিচ্ছে না। ইউরোতে তারা উঠে এসেছে প্লে-অফ খেলে। এবার পড়েছেও গ্রুপ অব ডেথে; যেখানে তাদের গ্রুপসঙ্গী জার্মানি, হল্যান্ড আর ডেনমার্ক।বেন্টোও মানছেন, কঠিনতম চ্যালেঞ্জ তাঁদের সামনে। গ্রুপ পর্বে পর্তুগালের তিন প্রতিপক্ষই সাবেক ইউরোপ চ্যাম্পিয়ন এই তথ্য মনে করিয়ে দিয়ে বলছেন, ‘২০০০ সালের (ইউরো) পর থেকে এটা পর্তুগালের সবচেয়ে ভারসাম্যপূর্ণ এবং কঠিনতম গ্রুপ। তাত্ত্বিকভাবে স্পেন আর জার্মানিই হয়তো টুর্নামেন্টের মূল দুই ফেবারিট। তবে বাস্তবতা সব সময় তত্ত্ব মেনে চলে না।’ মানে সহজ। নিজেদের সম্ভাবনা নাকচ করে দিচ্ছেন না এই ৪২ বছর বয়সী কোচ।নিজের পরিকল্পনা আলাদা আলাদা ছকে ভাগ করে নিয়েই এগোতে চান। আপাতত ভাঙতে চান সিঁড়ির একেকটি ধাপ। এ কারণে বেন্টো পরিকল্পনা করছেন শুধু সামনে থাকা ম্যাচটি নিয়ে, ‘দল হিসেবে আমরা চাই ম্যাচের প্রতিটা মুহূর্তে প্রভাব ধরে রাখতে। আমাদের খেলোয়াড়দের গতি আর কৌশলের কারণে পাল্টা আক্রমণে খেলার জন্যও আমাদের পরিচিতি আছে। তবে আমরা পুরো ম্যাচে সক্রিয় থাকতে চাই। দ্রুত বল ফিরে নিয়ে সেটিকে ভালোমতো ব্যবহার করতে চাই।’ রয়টার্স।