রোনালদোকে একটু পিছিয়েই রাখলেন ম্যারাডোনা

পেলের সঙ্গে তুলনায় সব সময়ই এগিয়ে রাখেন নিজেকে। রোনালদোর সঙ্গে মেসির তুলনায়ও তাঁর চাঁচাছোলা মতামত—দুজনের মধ্যে মেসিই সেরা। আরও একটু এগিয়ে গিয়ে ম্যারাডোনার অভিমত, প্রতিপক্ষের রক্ষণ ভাঙার কারিশমায় রোনালদোর চেয়ে এগিয়েই থাকবেন মেসি।
মেসিকে এগিয়ে রাখলেও রোনালদোর প্রতিভাকে সম্মানই দিয়েছেন ম্যারাডোনা, ‘এই গ্রহের ফুটবলারদের মধ্যে এই মুহূর্তে মেসি এক নম্বর হলেও রোনালদো খুব একটা পিছিয়ে নেই। হয়তো মেসির পরপরই রোনালদোর অবস্থান। মেসি-রোনালদোর সঙ্গে আরও অনেকেই আছেন, নেইমার, বালোতেল্লি। এরা সবাই সেরা। এদের মধ্যে পার্থক্যটা হয়তো একটু আছে।’
রোনালদোর তুলনায় মেসিকে একটা জায়গায় একটু পিছিয়েই রাখতে চান ম্যারাডোনা, ‘মেসি অনায়াসেই প্রতিপক্ষের পাঁচ-ছয়জনকে কাটিয়ে বক্সে ঢুকে পড়তে পারলেও ওর শুটিং দুর্বল। এই জায়গায় এগিয়ে রোনালদো। গোলে নেওয়া ওর শটগুলো সত্যিই দুর্দান্ত।
আগামী বিশ্বকাপের দিকে পাখির চোখ ম্যারাডোনার। খুব করেই চান তাঁর দেশ যেন আরও একবার শিরোপা জিততে পারে। তবে কাজটা যে খুব কঠিন, সেটা মনে করিয়ে দিতে ভোলেননি সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার, ‘২০১৪ সালে আর্জেন্টিনার সম্ভাবনা আছে। তবে সবচেয়ে বেশি সম্ভাবনা ব্রাজিল আর স্পেনের। এই দুই প্রতিপক্ষকে পেছনে ফেলে কাপ জয়টা খুব সহজ হবে না।’
২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ হিসেবে ডাগআউটে ছিলেন ম্যারাডোনা। কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে যাওয়ার দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেননি তিনি। তবে ওই বিশ্বকাপে মেসি দুর্দান্তই খেলেছিল বলে অভিমত তাঁর, ‘মেসি অসম্ভব ভালো ফুটবল খেলেছে দক্ষিণ আফ্রিকায়। সে তার সাধ্যমতো লড়েছে। জার্মানির কাছে হেরে বিদায়ের দিন আমি মেসিকেই সবচেয়ে বেশি ভেঙে পড়তে দেখেছি। আশা করি সে ব্রাজিলে আগেরবারের ব্যর্থতার শোধ কড়ায়-গণ্ডায় তুলে নেবে।’ ওয়েবসাইট।