রোনালদোকে ছাড়াও সেই রিয়াল
ম্যাচ শেষ হতেই ‘গ্যারেথ বেল, গ্যারেথ বেল’, ‘লুকা মডরিচ, লুকা মডরিচ’ স্লোগানে প্রকম্পিত সান্তিয়াগো বার্নাব্যু। ফাঁকে ফাঁকে ভেসে এল ‘আনচেলত্তি, আনচেলত্তি’ শব্দটিও।
কোচ-খেলোয়াড়দের নিয়ে গ্যালারিতেই রিয়াল সমর্থকদের এই স্লোগানের কারণটাও অনুমেয়। নিষেধাজ্ঞার কারণে ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন না। প্রতিপক্ষও এ মৌসুমের চমক—ভিয়ারিয়াল। শঙ্কা তাই ছিলই। কিন্তু বেল-মডরিচ-বেনজেমারা বুঝতেই দেননি, রোনালদো মাঠে নেই। রিয়াল জিতেছে সহজেই, ৪-২ গোলে। তবে এই স্কোরলাইন যেন মাঠে রিয়ালের আধিপত্য পুরোপুরি ফুটিয়ে তুলতে পারছে না। গত অক্টোবরে বার্সেলোনার কাছে হারের (২-১) পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল অপরাজিত টানা ২৩ ম্যাচে।
রিয়ালের জয়ের আনন্দটা নিশ্চিতই বড় হয়ে উঠেছে পরে। অন্য ম্যাচে যে হেরে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আলমেরিয়ার কাছে অ্যাটলেটিকো ২-০ গোলে হেরে যাওয়ায় রিয়াল উঠেছে শীর্ষে। নিজেদের জয়ের পরও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়েই ছিল রিয়াল। কিন্তু অ্যাটলেটিকো ২ গোল খাওয়ায় পাল্টে গেছে চিত্র।
রোনালদোর অনুপস্থিতিতে জোড়া গোল করেছেন করিম বেনজেমা। চোট কাটিয়ে ফিরেই বেল গোল করেছেন, করিয়েছেন। শুরুটা করেন তিনিই, দলকে এগিয়ে দেন ৭ মিনিটেই। ২৫ মিনিটে বেনজেমার গোলটিও তাঁরই বানিয়ে দেওয়া। ৪৩ ও ৬৯ মিনিটে গোল করে ভিয়ারিয়াল ম্যাচে উত্তেজনা এনেছিল বটে; তবে ৭৪ মিনিটে বেনজেমার দ্বিতীয় গোলে সেটি শেষ! ভিয়ারিয়ালের ২ গোলের মাঝে রিয়ালের অন্য গোলটি হেসে রদ্রিগেজের। তবে পারফরম্যান্সে সবাইকে ছাপিয়ে গেছেন মডরিচ। দুই দিন আগে কোপা ডেল রেতে অ্যাটলেটিকোকে ৩-০ গোলে বিধ্বস্ত করা ম্যাচের ফর্মটাই যেন টেনে এনেছিলেন ক্রোট মিডফিল্ডার।
রিয়াল শীর্ষে বটে, তবে কাল রাতে সেভিয়ার বিপক্ষে জিতে থাকলে আবার শীর্ষে উঠে গেছে বার্সেলোনা। সেটা অবশ্য গোল ব্যবধানেই। কারণ বার্সা জিতলে বার্সা-রিয়াল-অ্যাটলেটিকো তিন দলেরই পয়েন্ট সমান হবে ৫৭! এবার লা লিগার শিরোপা লড়াইটা হয়ে উঠেছে রোমাঞ্চকর। এএফপি।