রোনালদোকে ছাড়িয়ে গেলেন ক্লোসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লোসার প্রথম শটটি ফিরিয়ে দিয়েছিলেন ব্রাজিলের গোলরক্ষক হুলিও সিজার। কিন্তু ফিরতি বলটাই জালে জড়িয়েছিলেন জার্মান স্ট্রাইকার। ছবি: রয়টার্স
ক্লোসার প্রথম শটটি ফিরিয়ে দিয়েছিলেন ব্রাজিলের গোলরক্ষক হুলিও সিজার। কিন্তু ফিরতি বলটাই জালে জড়িয়েছিলেন জার্মান স্ট্রাইকার। ছবি: রয়টার্স

এবারের বিশ্বকাপে জার্মানির প্রথম ম্যাচটা ডাগআউটেই বসে ছিলেন মিরোস্লাভ ক্লোসা। ঘানার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেই দেখিয়েছিলেন বুড়ো হাড়ের ভেল্কি। তাঁর গোলের সুবাদেই ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছিল জার্মানি। এই গোলটি করেই ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকে ছুঁয়ে ফেলেছিলেন ক্লোসা।

আজ এবারের বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোলটি করে রোনালদোকে পেছনেই ফেলে দিলেন এই জার্মান স্ট্রাইকার। ১৬ গোল নিয়ে এখন এককভাবেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন ৩৬ বছর বয়সী এই ফুটবলার। আজ ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে ২৩ মিনিটের মাথায় এবারের বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোলটি করেছেন ক্লোসা।

২০০২ সালে নিজের প্রথম বিশ্বকাপেই পাঁচটি গোল করেছিলেন ক্লোসা। ২০০৬ বিশ্বকাপেও করেছিলেন পাঁচটি গোল। ২০১০ সালে আরও চারটি গোল করে ছুঁয়ে ফেলেছিলেন জার্মান কিংবদন্তি জার্ড মুলারকে। ১৫ গোল নিয়ে সামনে ছিলেন শুধু রোনালদো। এবার নিজের শেষ বিশ্বকাপে রোনালদোকেও ছাড়িয়ে গেলেন জার্মানির অন্যতম সেরা এই স্ট্রাইকার।
জার্মানির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও শীর্ষে আছে ক্লোসার নাম। ১৩৬ ম্যাচ খেলে ৭১ গোল করেছেন এই জার্মান স্ট্রাইকার।— রয়টার্স