রোনালদোকে জড়িয়ে ধরে কারাগারে ভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সেই ভক্ত, রোনালদোকে জড়িয়ে ধরার অপরাধে কারাবাসের স্বাদ পেতে হয়েছে যাকে! ফাইল ছবি
এই সেই ভক্ত, রোনালদোকে জড়িয়ে ধরার অপরাধে কারাবাসের স্বাদ পেতে হয়েছে যাকে! ফাইল ছবি

প্রিয় তারকাকে জড়িয়ে ধরা নতুন কিছু নয়। ১৯ বছর বয়সী রোনাল্ড জোকা সেটাই করেছিলেন, জড়িয়ে ধরেছিলেন রিয়ালের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোকে। এর মাশুল অবশ্য দিতে হয়েছে তাঁকে, একটা দিন কাটাতে হয়েছে কারাগারে।

ঘটনাটা গত সপ্তাহের, রিয়াল ও চেলসির মধ্যকার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। ম্যাচের ৬৭ মিনিটে হঠাত্ মাঠে ঢুকে পড়েন জোকা। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন রোনালদোকে। পর্তুগিজ উইঙ্গার নিজেও আপত্তি করেননি। মুচকি হেসে বুকে জড়িয়ে নেন ভক্তকে। তবে ব্যাপারটা ভালোভাবে নেয়নি স্থানীয় পুলিশ। জোকাকে পাঠানো হয় কারাগারে। জেলের ঘানি অবশ্য বেশি দিন টানতে হয়নি, মুক্তি পান এক দিন পরই।

রোনালদোকে জড়িয়ে ধরে জেল খাটলেন, তবে একই ঘটনা আবার ঘটানোর ইচ্ছা আছে জোকার। জেল হয় হোক, প্রিয় তারকাকে জড়িয়ে ধরা তো হলো! তা ছাড়া তিনি নিজেও তো কম খ্যাতি পাননি। গোটা বিশ্বে তাঁকে নিয়ে আলোচনা হচ্ছে। কারাগারের কর্মকর্তা ও কয়েদিরা নাকি তাঁকে বেশ খাতির-যত্নও করেছেন।

জেল থেকে ছাড়া পাওয়ার পর এক সাক্ষাত্কারে ওই দিনের বিস্তারিত জানিয়েছেন জোকা, ‘সত্যি বলতে, কোনো দিকে না তাকিয়ে আমি রোনালদোকে খুঁজে বের করতে চেয়েছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম, তাঁর সামনে উদযাপনের ভঙ্গিতে হাঁটু গেড়ে বসব। রোনালদো নিজে এভাবে গোল উদযাপন করেন বলে তিনি মজা পাবেন ভেবেছিলাম। সেটাই হলো, তিনি মুচকি হাসলেন। এরপর আমি তাঁকে জড়িয়ে ধরি। তাঁকে বলি, আমি আপনার একজন পাঁড় ভক্ত। সব সময় আপনাকে অনুসরণ করি। দয়া করে পুলিশের হাত থেকে আমাকে বাঁচান। এরপর আমাকে জড়িয়ে ধরেন রোনালদো। আমি তাঁর সঙ্গে কথা বলতে পেরেছি। এটা ছিল দারুণ এক সুযোগ। যা পেয়েছি, তার তুলনায় পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া কিছুই নয়।’ সূত্র: ওয়েবসাইট।