রোনালদোকে জাদুটোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

প্রতিপক্ষ ডিফেন্ডাররা শুনে হয়তো আফসোস করছেন। এক ক্রিস্টিয়ানো রোনালদোকে ঠেকাতে মাঠে তাঁদের কত ঘাম ঝরাতে হয়। তার আগে কোচের সঙ্গে বসতে হয় কত জটিল সব পরিকল্পনা আর ছক কষতে। ঘানার এই ওঝার ঠিকানাটা আগে পেলে কত কাজ সহজ হয়ে যেত তাঁদের। জাদুমন্ত্র দিয়েই নাকি সেই ওঝা ঠেকিয়ে রাখতে পারেন রোনালদোকে।
হাস্যকর মনে হচ্ছে? বিজ্ঞানের চরম অগ্রযাত্রার যুগে সেটাই স্বাভাবিক। তবে নানা কোয়াকো বোনসাম নামে ঘানার সেই ওঝা ভদ্রলোক সেই হাস্যকর দাবিটাই করেছেন খুব আত্মবিশ্বাসের সঙ্গে। বিশ্বকাপে রোনালদো যাতে খেলতে না পারেন, সেই চেষ্টা নাকি চার মাস আগ থেকেই করে যাচ্ছেন তিনি। সম্প্রতি ঘানার এক রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে বোনসাম বলেছেন, ‘রোনালদোর চোটটা কেমন সেটা আমি জানি। আমিই এটা নিয়ে কাজ করছি। ব্যাপারটা আমি খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি। গত সপ্তাহে চারটা কুকুর দিয়ে আমি একটা বিশেষ আত্মাও তৈরি করেছি। এর নাম “কাওয়িরি কাপাম”।’
কিন্তু পৃথিবীতে এত ফুটবলার থাকতে হঠাৎ এই ওঝা কেন রোনালদোর ওপর খেপলেন? তাঁকে কালো জাদু করে কী লাভ? কারণটা পরিষ্কার। বিশ্বকাপে একই গ্রুপে খেলবে ঘানা আর পর্তুগাল। দুর্দান্ত ফর্মে থাকা পর্তুগিজ অধিনায়ক যাতে বিশ্বকাপে খেলতে না পারেন, ঘানার সমর্থকেরা সেই অমঙ্গলই হয়তো কামনা করে । ফিফা বর্ষসেরা ফুটবলার যে বিশ্বকাপের আগে চোটে পড়বেন, সেটাও নাকি আগেই বলে রেখেছিলেন বোনসাম, ‘চার মাস আগেই বলেছিলাম, আমি রোনালদোকে নিয়ে কাজ করব এবং তাকে বিশ্বকাপের বাইরে পাঠিয়ে দেব। নইলে অন্তত ঘানার বিপক্ষে ম্যাচটা যাতে সে না খেলতে পারে সেই ব্যবস্থা করব। আর সেটা করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তাকে চোটে ফেলা।’ শুধু তা-ই নয়, আধুনিক বিজ্ঞানের কোনো চিকিৎসাই এ চোট থেকে রোনালদোকে সারিয়ে তুলতে পারবে না বলে দাবি বোনসামের, ‘এই চোট কোনো ওষুধে সারবে না। কী কারণে সারছে না, সেটাও তারা কখনো দেখতে পাবে না। কারণ, এটা আধ্যাত্মিক ব্যাপার। আজ চোটটা তার হাঁটুতে আছে। কাল চলে যাবে ঊরুতে, তার পরের দিন আবার অন্য কোথাও।’
তাঁর এসব কথাবার্তা নিয়ে অবশ্য রোনালদো কিংবা পর্তুগাল মোটেও চিন্তিত নয়। মৌসুমের শেষ দিকে পাওয়া চোট থেকে সেরে উঠতে আধুনিক চিকিৎসা চলছে পুরোদমে। ফিটনেস ফিরে পাওয়ার জন্য আলাদাভাবে বিশেষ অনুশীলনও করছেন রোনালদো। তবে আজ মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে হয়তো খেলা হবে না পর্তুগিজ অধিনায়কের। ওয়েবসাইট।