রোনালদোকে ঠেকাবেন জেব্রে সেলাসি!
একজন ফুটবলের সর্বকালের সবচেয়ে দামি খেলোয়াড়। খেলেন বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী, শীর্ষ ধনী ক্লাবগুলোর একটিতে। বিশ্বের নামীদামি প্রায় এক ডজন সেরা ব্র্যান্ডের পণ্যদূত। এ সময়ের ফুটবলের মহাতারকা। আর অন্যজন? আপনি হয়তো এই প্রথম শুনতে যাচ্ছেন তাঁর নাম! ফুটবলীয় অবস্থানে দুই মেরুর দূরত্বে থাকা এই দুই ফুটবলারই আজ মুখোমুখি হচ্ছে। ক্রিস্টিয়ানো রোনালদো বনাম থিওডর জেব্রে সেলাসি। বাঁ উইং দিয়ে আক্রমণ শানাবেন পর্তুগিজ তারকা। আর রাইটব্যাক জেব্রে সেলাসির দায়িত্ব, রোনালদোকে আটকানো। আজ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটি যেমন রোনালদোর কাঁধে, রোনালদোই যেমন পর্তুগালের আশা-ভরসা; একইভাবে এক অর্থে চেকপ্রজাতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন জেব্রে সেলাসিও। কারণ রোনালদোকে আটকানোর মধ্যেই তো লুকিয়ে আছে চেকদের আশা!জেব্রে সেলাসি নামটা শোনার পর আপনার মনে অদম্য লড়াকু এক দৌড়বিদের প্রতিচ্ছবি ভেসে ওঠার কথা। হেইলে জেব্রে সেলাসি। ইথিওপিয়ার দূরপাল্লার এই দৌড়বিদ নিজের ক্রীড়াক্ষেত্রে রীতিমতো কিংবদন্তি। থিওডর জেব্রে সেলাসিও ইথিওপিয়ান বংশোদ্ভূত। একসময় দূরপাল্লার দৌড়বিদও ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বেছে নিয়েছেন ফুটবল। আজ সেই ফুটবলেই নিজের সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে চেকপ্রজাতন্ত্রের প্রথম কৃষ্ণাঙ্গ ফুটবলার। জাতীয় দলে আবির্ভাব মাত্রই এক বছর আগে। এতদিন আন্তর্জাতিক ফুটবলের স্বাদ বলতে চ্যাম্পিয়নস আর ইউরোপা লিগের বাছাইপর্বে খেলার অভিজ্ঞতাই ছিল সম্বল। কিন্তু ২৫ বছর বয়সী এই রক্ষণসেনানী এরই মধ্যে আস্থা অর্জন করে নিয়েছেন কোচের। ছয় ফুট উচ্চতার এই ডিফেন্ডারকে আজ অবশ্য চীনের প্রাচীর গড়ে তুলতে হবে রোনালদোর সামনে। হতে হবে আসল জেব্রে সেলাসির মতো অদম্য। আবার কখনো কখনো উসাইন বোল্টের মতো বিদ্যুৎ গতির। না হলে রোনালদোকে আটকানো মুশকিল।গত ম্যাচে জোড়া গোল করা রোনালদো এরই মধ্যে বিপদের আভাস ছড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষ শিবিরে। প্রথম দুই ম্যাচে নিজেদের সমর্থকদের দুয়ো শোনা রোনালদোর নামে এখন স্লোগানে প্রকম্পিত গ্যালারি। এতটাই দুর্দান্ত খেলেছেন আগের ম্যাচে, শেষ আটে পর্তুগালকে প্রতিপক্ষ হিসেবে পাওয়াটাকে দুর্ভাগ্যই মানছে চেক শিবির। দেশটির সংবাদমাধ্যমও রীতিমতো ধন্দে পড়ে গেছে, কীভাবে আটকানো যায় এই বুলডোজারকে? মুণ্ডিত মস্তকের জেব্রে সেলাসি কি পারবেন এই প্রশ্নের উত্তর দিতে? রয়টার্স, ওয়েবসাইট।