রোনালদোকে থামাবে স্পেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ দুই ম্যাচে তিন গোল। ক্রিস্টিয়ানো রোনালদোর নজরকাড়া পারফরম্যান্সেই ইউরোর সেমিফাইনালে উঠেছে পর্তুগাল। তবে দুরন্ত ষাঁড়ের গতিতে এগিয়ে চলা রোনালদোকে থামাবে স্পেন। এমনটাই বিশ্বাস করেন স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রো রদ্রিগুয়েজ।রোনালদোকে অবশ্য বেশ ভালো চেনা আছে স্প্যানিশ খেলোয়াড়দের। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বেশির ভাগ ফুটবলার স্পেনের। অন্যদিকে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন রোনালদো। আগামী বুধবার ফাইনালে ওঠার লড়াইটা তাই বেশ জমজমাট হওয়ার কথা।ইউরোর সেমিফাইনালে রোনালদোকে থামানোই বড় চ্যালেঞ্জ স্পেনের, সন্দেহ নেই। সেই চ্যালেঞ্জটা জেনেই পেদ্রো গোল ডটকমকে বলেছেন, ‘ক্রিস্টিয়ানো অসাধারণ খেলোয়াড়। ও ভালো ফর্মে আছে, এটা বিবেচনায় রাখতেই হবে। কিন্তু ওকে কীভাবে থামাতে হয়, আমাদের জানা আছে। তাই অপেক্ষা করুন, দেখুন কী হয়। আমরা খুবই আত্মবিশ্বাসী। তবে জানি, এটা কঠিন হবে।’২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ২০১০ সালের বিশ্বকাপ জয়ের কৃতিত্বও স্পেনের। চলতি আসরের শিরোপা জিতলে ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ের রেকর্ড গড়বে স্পেন। পেদ্রো মনে করেন, স্পেনের বর্তমান দলটার সামর্থ্য আগের দলগুলোর মতোই। পারফরম্যান্সের সর্বোচ্চ অবস্থানেই আছে ভিসেন্তে দেল বস্কের দল।‘আমাদের বর্তমান দলটা আগের দলগুলোর মতোই। আমরা আত্মবিশ্বাসী, ভালো খেলছি। এই দলটা গত ইউরো বা বিশ্বকাপজয়ী দলের মতোই মনে হয় আমার কাছে। পর্তুগালের বিপক্ষে অসাধারণ একটা খেলার অপেক্ষায় আছি আমরা’—বলেছেন পেদ্রো।ফ্রান্সের মতো দলকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে এসেছে স্পেন। পর্তুগালের বিপক্ষে লড়াইয়ে এটাকেই অনুপ্রেরণা হিসেবে দেখছেন বার্সা তারকা পেদ্রো। স্প্যানিশ এই স্ট্রাইকার বলেন, ‘দল ভালো খেলেছে। প্রথম গোলের পর কিছুটা স্তিমিত হয়ে পড়েছিলাম আমরা। তবে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখেছিলাম। ফ্রান্সের মতো দলের বিপক্ষে নিয়ন্ত্রণ ধরে রাখা অবশ্যই স্বস্তিকর।’