রোনালদোকে ধরে ফেললেন মেসি
ন্যু ক্যাম্পে রিয়াল সোসিয়েদাদকে কোনো রকম সুযোগ দেয়নি বার্সেলোনা। গোটা ম্যাচের ৭৮ শতাংশ সময় বল ছিল তাদের দখলে। বার্সা গোলমুখে মাত্র কয়েকবারই আসতে পেরেছে প্রতিপক্ষের স্ট্রাইকাররা। অন্যদিকে সোসিয়েদাদের গোলমুখে বারবার চড়াও হয়েছে মেসি-জাভি-ভিয়া-ইনিয়েস্তারা। নয় মিনিটের মাথায় বার্সার পক্ষে প্রথম গোলটি করেছেন ডেভিড ভিয়া। ভ্যালেন্সিয়া থেকে এ মৌসুমেই বার্সেলোনায় আসার পর এটি তাঁর নবম গোল। ৩৩ মিনিটে দ্বিতীয় গোলটি করে প্রথমার্ধ শেষ করেন আন্দ্রেস ইনিয়েস্তা। দ্বিতীয়ার্ধে পুরো সময়টাই ন্যু ক্যাম্প মাতিয়েছেন মেসি। ৪৭ মিনিটে করেছেন বার্সেলোনার পক্ষে তৃতীয় গোলটি। ৭৯ মিনিটের মাথায় দ্বিতীয় গোলের দেখা পেয়ে যেতে পারতেন। কিন্তু তাঁর বাঁ পায়ের জোরালো শট গোলপোস্টে লেগে ফিরে আসে। আট মিনিট পরে অবশ্য আর ব্যর্থ হননি এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর। করেছেন লিগের ১৭তম গোল। শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে সোসিয়েদাদের জালে পঞ্চমবারের মতো বল জড়িয়ে দেন বার্সার তরুণ স্ট্রাইকার বোজান কিরকিচ।এদিকে এল ক্লাসিকো হারের ধাক্কা সামলে আবার জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদও। গতকাল রিয়াল জারাগোজার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে হোসে মরিনহোর শিষ্যরা। ১৫ মিনিটের মাথায় মার্সেলোর পাস থেকে রিয়াল জারাগোজার জালে প্রথমবারের মতো বল জড়িয়ে দেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। প্রথমার্ধের শেষ মুহূর্তে অসাধারণ এক ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষে এই গোলটাকে তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা গোল হিসেবে আখ্যায়িত করেছেন এ পর্তুগিজ উইঙ্গার। দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল মাদ্রিদের পক্ষে তৃতীয় গোলটি করেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে রিয়াল জারাগোজাকে সান্ত্বনাসূচক একটা গোল এনে দেন মিডফিল্ডার গ্রাবিয়েল ফার্নান্দেজ। এরপর আরও কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করলেও সেগুলো থেকে আর গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ।লা লিগায় ১৫ ম্যাচ শেষে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। রয়টার্স।