রোনালদোকে নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শুরু হতে বাকি অনেক সময়। কিন্তু দুই দিন আগে থেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়া পড়েছে জার্মানি দলে। পর্তুগিজ উইঙ্গারকে নিয়ে যেন একটু বিভ্রান্তও জার্মানি, দুলছে আশা আর শঙ্কার দোলাচলে। এবারের ইউরোর মৃত্যুকূপ ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে কাল মুখোমুখি হবে জার্মানি ও পর্তুগাল। জার্মান ফরোয়ার্ড লুকাস পোডলস্কির ধারণা, রোনালদোকে বৃত্তবন্দী করে রাখতে পারবে তাঁর দল। কিন্তু কাজটা কতটা কঠিন, পার মার্টেসেকার তো এটা ভালো করেই জানেন! সতীর্থদের প্রতি জার্মান ডিফেন্ডারের সতর্কসংকেত, রোনালদো থেকে সাবধান!আগামীকালের দ্বিতীয় ম্যাচে লেভাভে পর্তুগালের মুখোমুখি হবে জার্মানি। রোনালদো জ্বলে উঠলে হয়তো শুরুতেই হোঁচট খেতে হবে শিরোপা জয়ের অন্যতম ফেবারিট জার্মানদের। তবে সর্বশেষ ইউরোতে এই দুই দলের ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ছিলেন রোনালদো। কোয়ার্টার ফাইনালে জার্মানি জিতেছিল ৩-২ গোলে। পোডলস্কির বিশ্বাস, এবারও হবে এমন কিছু, ‘ও বিশ্বসেরাদের একজন, ওকে আমাদের থামাতেই হবে। সর্বশেষ যখন মুখোমুখি হয়েছিলাম, ওকে আমরা দমিয়ে রাখতে পেরেছিলাম। শনিবারও আমরা এটাই করব।’রোনালদোকে বশে রাখার উপায়টাও খোলাসা করে দিয়েছেন সদ্য আর্সেনালে যোগ দেওয়া ফরোয়ার্ড, ‘আমাদের আক্রমণাত্মক হতে হবে, শক্তভাবে ট্যাকল করতে হবে এবং ওর কাছ থেকে বল কেড়ে নিতে হবে। তবে এটা পরিষ্কার, আমাদেরও অনেক সম্ভাবনাময় ফুটবলার আছে।’তবে পোডলস্কি তো বলেই পার। রোনালদোকে বশে রাখার কাজটা মূলত যাঁদের করতে হবে, সেই ডিফেন্ডাররা জানেন বলা যতটা সহজ, মাঠে গিয়ে করা তার চেয়েও কতটা কঠিন। জার্মানরা অবশ্য এখন পর্যন্ত রোনালদোকে আটকে রাখতে মোটামুটি সফলই হয়েছে। ২০০৮ ইউরো তো বটেই, ২০০৬ বিশ্বকাপেও নিষ্প্রভ ছিলেন রোনালদো। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পর্তুগালকে জার্মানি হারিয়েছিল ৩-১ গোলে। ওই অভিজ্ঞতা থেকেই মার্টেসেকার বাতলে দিয়েছেন উপায়। রোনালদোকে আটকাতে হবে দলীয় সমন্বয়ে, ‘পর্তুগালের বিপক্ষে আগের ম্যাচগুলোয় আমরা রোনালদোর সব প্রচেষ্টা থমকে দিতে পেরেছিলাম। এবারও যেকোনো মূল্যে আমাদের চেষ্টা করতে হবে একের বিপক্ষে এক পরিস্থিতি যেন না হয়।’ এএফপি, ওয়েবসাইট।