রোনালদোকে নিয়ে দুশ্চিন্তা!

পর্তুগালের বিশ্বকাপ প্রস্তুতির পরিবেশ একটু ঘোলাটে। দলের সেরা খেলোয়াড়টির ফিটনেস নিয়ে যদি দোটানা থাকে, তা হলে পরিবেশ ঘোলাটে হওয়াই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রের নিউজার্সির পর্তুগিজ ক্যাম্পে কেন যেন একটা দুশ্চিন্তার ছাপ সর্বত্র।
ক্রিস্টিয়ানো রোনালদো কেন যেন পুরোপুরি ফিট হতে পারছেন না। তাঁর শরীরে যেন গোটা মৌসুমের ক্লান্তি। জাতীয় দলের ক্যাম্পে আসার পর থেকেই অভিযোগ করছেন বাঁ পায়ের একাধিক ব্যথা নিয়ে। কখনো বলছেন বাঁ ঊরুর পেশিতে ব্যথা, আবার কখনো ব্যথার কথা বলছেন হাঁটুর সংযোগস্থলে। রোনালদোকে নিয়ে ভালোই পেরেশানিতে পর্তুগিজ ম্যানেজমেন্ট।
এদিকে রাউল মেইরেলেস ও বেতো এমনকি পেপেও আক্রান্ত বিভিন্ন সমস্যায়। দলের সেরা ফুটবলাররা কেউই শতভাগ ফিট নন, কোচ পাওলো বেন্তোর তো মাথা ঠিক থাকারই কথা নয়।
গতকাল পুরো দলের অনুশীলন না থাকলেও রোনালদো, মেইরেলেস ও বেতো আলাদাভাবেই সময় কাটিয়েছেন মাঠে। নিউইয়র্কের একটি অনুশীলনকেন্দ্রে এই তিন ফুটবলারের অনুশীলনসূচি ছিল মূলত ফিটনেস-সংক্রান্তই। বিশ্বকাপ শুরুর আগেই যতটা সম্ভব ঝরঝরে হয়ে উঠতে হবে এঁদের প্রত্যেককেই।
এদিকে, রোনালদোর ফিটনেসের ব্যাপারে আশাবাদ ঝরেছে তাঁর সতীর্থ নানির কণ্ঠে, ‘আশা করছি বিশ্বকাপ শুরুর আগেই রোনালদো পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। বিশ্বকাপে সে ভালোভাবেই দলকে সাহায্য করতে পারবে।’
রোনালদো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন নানি, ‘কিছু সমস্যা তো আছেই। কিন্তু সবকিছুই ঠিক পথে আছে। রোনালদোও খুব নিশ্চিতভাবেই সুস্থ হয়ে উঠছে।’
গত বিশ্বকাপে কাঁধের চোট খেলতে দেয়নি নানিকে। বিশ্বকাপে ফিটনেসের গুরুত্ব তিনি ছাড়া ভালো আর কে বোঝেন। বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন তিনি ঠিক এভাবে, ‘বিশ্বকাপ এমনই একটা প্রতিযোগিতা, যেখানে আপনাকে পরিপূর্ণ ফিট হয়েই নামতে হবে। এই একটা জায়গায় জোড়াতালির কোনো সুযোগ নেই।’
চোটের ব্যাপারে নিজের অভিজ্ঞতাও বর্ণনা করেছেন নানি, ‘আমি জানি বিশ্বকাপের আগ দিয়ে হঠাত্ চোট আপনাকে মানসিকভাবে পুরোপুরিই শেষ করে দেবে।’
নানি মনেপ্রাণেই চান বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই যেন পর্তুগাল রোনালদোকে পুরো ফিট অবস্থাতেই পায়। এএফপি।