রোনালদোকে নিয়ে ফার্গুসন
আর্সেনালের বিপক্ষে ম্যাচ, বুধবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে শালকের বিপক্ষে খেলা—অ্যালেক্স ফার্গুসনের ভাবার মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। এল ক্লাসিকোতে কী ঘটেছে, এটা নিয়ে কথা বলার সময় তাঁর নেই। আসলে রিয়াল-বার্সা ম্যাচে ঘটে যাওয়া অপ্রীতিকর বিষয় নিয়ে মাথা ঘামাতেই চান না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।তবে কথা যদি ওঠে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে, তাহলে নিশ্চুপ থাকতে পারেন না। রোনালদো যে তাঁর প্রিয় শিষ্য ছিলেন! ২০০৩ সালে উদীয়মান তরুণ উইঙ্গার হিসেবেই ম্যানইউতে নাম লিখিয়েছেন রোনালদো। ২০০৯ জুলাইয়ে ম্যানইউ ছেড়ে রিয়ালে গেছেন ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়ে। ভেঙে দিয়েছিলেন ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড।রোনালদোর রিয়াল-সময়টা বন্ধুরই যাচ্ছে। নিজের পারফরম্যান্সে চড়াই তো, দলের পারফরম্যান্স নিচে। কখনো আবার দল ভালো খেলছে তো, রোনালদোর যাচ্ছে দুঃসময়। এই চড়াই-উতরাইয়ের সঙ্গে মানিয়ে নিতে না পেরে কি আবার ম্যানইউতে ফিরবেন রোনালদো?রোনালদোকে ছাড়া ম্যানইউ চলতে পারবে কি না—প্রশ্নের উত্তরই এত দিন দিতে হচ্ছিল ফার্গুসনকে। এবার রোনালদোকে নিয়ে তাঁকে শুনতে হয়েছে ওপরের প্রশ্নটি। ফার্গুসন কোনো রাখঢাক না করে প্রথমে বলেছেন, ‘এটা ওর (রোনালদো) জন্য খুব কঠিন হবে। এখানে ওর সময়টা খুব ভালো কাটছিল, কিন্তু ওখানে একটি গ্রেট ক্লাবে আছে। ম্যানইউতে এসেছিল বাচ্চা রোনালদো, এখান থেকে রিয়ালে গেছে “পুরুষ” রোনালদো।’রোনালদোর ম্যানইউতে ফেরার কথাটা উঠেছে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল প্রথম লেগে বার্সেলোনার কাছে রিয়ালের ২-০ গোলে হেরে যাওয়ার পর। ফার্গুসন বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে টেনে এনেছেন ওটাই, ‘রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচের পর ওর সঙ্গে আমার কথা হয়েছে। রিয়াল মাদ্রিদে সময়টা ও ভালোই উপভোগ করছে। তবে গত বুধবার নিজের সেরাটা খেলতে পারেনি। তবে এক দিনের ব্যবধানে ও খারাপ খেলোয়াড়ও হয়ে যায়নি।’ফার্গুসনের কথা, কোনো খেলোয়াড় একা দলকে জেতাতে পারে না, ‘বড় প্রতিযোগিতায় জেতে আসলে পুরো দল। ব্যক্তিগত নৈপুণ্য শুধু ব্যবধানই গড়ে দিতে পারে। রোনালদো অতীতে আমাদের হয়ে বহুবার এই কাজটিই করেছে। গত মঙ্গলবার আমরা দলগতভাবে ভালো খেলেছি।’আগামী বুধবার শালকের বিপক্ষে কোনো অঘটন না ঘটলে ম্যানইউর ওয়েম্বলি ফাইনাল নিশ্চিতই বলা চলে (প্রথম লেগ ২-০ গোলে জিতে এসেছে ম্যানইউ)। সে ক্ষেত্রে ফাইনালে তাদের প্রতিপক্ষ হয় রোনালদোর রিয়াল অথবা মেসির বার্সেলোনা। সম্ভাব্য প্রতিপক্ষের এল ক্লাসিকো নিয়ে কি কিছুই বলবেন না ফার্গুসন?এমনিতে সবকিছু নিয়ে সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করা ম্যানইউ কোচ ওই ম্যাচের গন্ডগোল নিয়ে কথা বলতে চাননি। শুধু বলেছেন, ‘এ নিয়ে এখন আর কিছু বলার নেই। ম্যাচ-পরবর্তী বিশ্লেষণে অনেক কিছু বলা হয়েছে। আমি শুধু বলব, খেলাটা হয়তো মাত্র ১ ঘণ্টা হয়েছে। কারণ বহুবার খেলা বন্ধ হয়েছে। আপনি অবশ্যই টিকিট কেটে মাঠে গিয়ে দেড় ঘণ্টার খেলাই দেখতে চাইবেন।’ ওয়েবসাইট।