রোনালদোকে পছন্দ করেন পিকে!

শত্রুতা ভুলে রোনালদোকে প্রশংসার বন্যায় ভাসালেন পিকে।
শত্রুতা ভুলে রোনালদোকে প্রশংসার বন্যায় ভাসালেন পিকে।

মাঠের একে অপরের প্রবল প্রতিপক্ষ। খেলেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলে। ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে আর জেরার্ড পিকে বার্সেলোনায়। ফলে মাঠের শত্রুতা কখনো কখনো মাঠের বাইরে অবধি গড়ায়। চমক-জাগানিয়া খবর হচ্ছে, শত্রুতা ভুলে রোনালদোকে প্রশংসায় ভাসলেন পিকে। বললেন, রোনালদোকে পছন্দ করেন তিনি।
সম্প্রতি স্পেনের সাংস্কৃতিবিষয়ক সাময়িকী জত দাউন-এ দেওয়া এক সাক্ষাত্কারে বার্সার রক্ষণভাগের অন্যতম ভরসা রোনালদোর ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে পিকে বলেন, ‘রোনালদো পুরস্কার পেয়ে কেঁদেছে জেনে ভালো লেগেছে। কিছুটা খারাপ লাগছিল বলেই হয়তো এমনভাবে কেঁদেছে। ভালো-মন্দ মিলিয়ে সে এক কঠিন চরিত্র।’
কেন রোনালদোকে পছন্দ করেন সেটির ব্যাখ্যা দিলেন এভাবে, ‘যদি ক্রিস্টিয়ানো সম্পর্কে ভালো কথা বলি, বুঝবেন ওকে পছন্দ করি। মানুষ আসলে আকার, ইঙ্গিত ও বিভিন্ন মন্তব্য থেকে নিজেদের মতো বোঝে (রোনালদো সম্পর্কে)। কিন্তু তারা প্রকৃত বিষয় জানে না। তবে অবশ্যই বলতে হবে, সাম্প্রতিক সময়ে ওর কিছুটা পরিবর্তন হয়েছে। আমি যখন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিই, তখন আমাকে সহযোগিতা করেছিল।’
রোনালদো প্রসঙ্গে পিকের স্তুতির বন্যা এখানেই শেষ নয়। বলেছেন, ‘ক্রিস্টিয়ানো নিখুঁত খেলোয়াড়। সব সময় নিজের উন্নতি করতে চায়। ফ্রি-কিক, পেনাল্টিতে ডান-বাম দুই পায়ে শট নিতে পারে। মাথা দিয়েও গোল করতে পারে।’
রোনালদোর প্রশংসার ফাঁকেই বার্সা সতীর্থ লিওনেল মেসি সম্পর্কে কিছু তথ্য দিলেন পিকে। বললেন, ‘মনে পড়ে, মেসি যখন বার্সায় এল, প্রথম কয়েক মাস কারও সঙ্গে মিশত না। সাজঘরে একাকী বসত। আমরা বাকিরা সবাই তখন কয়েক বছর ধরেই একে অপরকে চিনতাম। ও তখন সবে এসেছে। কেবল অন্য দেশ থেকেই নয়, অন্য মহাদেশ থেকে। মাত্র কথা বলা শুরু করেছে। ও খুবই লাজুক ছিল। স্বাভাবিক হতে কিছু সময় ওর লেগেছিল।’ ওয়েবসাইট।