রোনালদোকে ফিরে পেতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার আহ্বান জানিয়ে বিমান থেকে এই ব্যানার উড়িয়েছিল ইউনাইটেড সমর্থকেরা। পরশু ভিয়ারিয়ালের মাঠে l এএফপি
রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার আহ্বান জানিয়ে বিমান থেকে এই ব্যানার উড়িয়েছিল ইউনাইটেড সমর্থকেরা। পরশু ভিয়ারিয়ালের মাঠে l এএফপি

এল মাদ্রিগালে খেলা চলছে রিয়াল মাদ্রিদ-ভিয়ারিয়ালের। হঠাৎ স্টেডিয়ামকে ঘিরে পাক খেতে শুরু করল একটা বিমান। সঙ্গের ব্যানারে লেখা, ‘রোনালদো ঘরে ফিরে এসো, ইউনাইটেড রিল।’ এমন কিছু হবে, সেটা অবশ্য জানাই ছিল। কদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের একটা দল ঘোষণা দিয়েছিল, রোনালদোকে ওল্ড ট্রাফোর্ডে ফিরিয়ে আনার জন্য তারা ভিয়ারিয়ালের মাঠের ওপরে ব্যানার ওড়াবে।

ওড়ালও। মাঠের ওপর দিয়ে সেই বিমান উড়ে যাওয়ার সময় রোনালদো মুখ তুলে সেটি দেখলেনও দুবার। যদিও সেটির কোনো প্রতিক্রিয়া ফুটে ওঠেনি তাঁর মুখে। রোনালদোর ওল্ড ট্রাফোর্ডে ফেরা নিয়ে কথা হচ্ছে অনেক দিনই। তবে ফন গাল পুরো ব্যাপারটা ‘প্রচারমাধ্যমের কাণ্ড’ বলার পর শোরগোল খানিকটা মিইয়ে গেছে। আর দুই দিন আগে আনচেলত্তি তো বলেই দিয়েছেন, রোনালদোর বার্নাব্যু ছাড়ার গুঞ্জন একেবারেই ভিত্তিহীন। তবে রিয়ালের পর্তুগিজ ফরোয়ার্ড আপাতত এসব ভাবনা একদিকে হয়তো সরিয়েই রাখতে চাইবেন। সাদা জার্সিতে নিজেকে যেভাবে নতুন থেকে নতুনতর উচ্চতায় নিয়ে যাচ্ছেন, তাতে তো রিয়াল মাদ্রিদের রোনালদোকে সুখী না ভাবার কারণ নেই।

পরশু অবশ্য অনন্য একটা হাতছানি ছিল রোনালদোর সামনে—হ্যাটট্রিকের হ্যাটট্রিক! সেটা অবশ্য শেষ পর্যন্ত হয়নি, সন্তুষ্ট থাকতে হয়েছে এক গোল নিয়েই। তবে এতেই আরও কিছু অর্জন তাঁর হয়েছে। লিগে পাঁচটি ম্যাচ খেলেছেন (সোসিয়েদাদের সঙ্গে ম্যাচে বিশ্রামে ছিলেন), এর মধ্যেই গোল হয়ে গেছে ১০টি। এবার লা লিগাতেই মাত্র চারটি দল তাঁর চেয়ে বেশি গোল করেছে—বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়া ও সেল্টা ভিগো। আর রায়ো ভায়েকানোর গোল রোনালদোর সমান।

সব মিলিয়ে প্রথম ছয় ম্যাচে এত গোলপ্রসূ মৌসুম আর আসেনি রোনালদোর ক্যারিয়ারে। গত দুই মৌসুমে প্রথম ছয় ম্যাচে ৬টি করে গোল। ২০১১-১২ মৌসুমে ৭টি। তার আগের মৌসুমে ৩ গোল করেছিলেন আর অভিষেক মৌসুমে ৫টি। তখনো অবশ্য রোনালদো আজকের রোনালদো হননি।

এল মাদ্রিগালে গোল পাওয়াটা যেন তাঁর ভবিতব্যই ছিল। এই মাঠে চারটি লিগ ম্যাচ খেলে গোল করলেন প্রতিটিতেই। সব মিলিয়ে এখানে ৫ গোল তাঁর। দলকে কখনো হারতেও দেখেননি এখানে। রোনালদোর খেলা চারটি ম্যাচের দুটিতে জিতেছে রিয়াল, দুটি হয়েছে ড্র। মার্কা, এএস।